নেত্রকোনায় ব্যবসায়ীকে ছাত্রদল নেতার হুমকি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেত্রকোনায় ব্যবসায়ীকে ছাত্রদল নেতার হুমকি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুন ২৩, ২০২৫ ১:৫০ পূর্বাহ্ণ

 

ফাইল ছবি রৌহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন।
জনতার আওয়াজ ডেস্ক
নেত্রকোনার রৌহা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেনের বিরুদ্ধে আব্দুর রহমান কুরবান আলী নামে এক ব্যবসায়ীকে হুমকি ও তার ঘরবাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী আব্দুর রহমান কুরবান আলী পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের সিন্দুর আটিয়া গ্রামের বাসিন্দা। তিনি পূর্বধলা উপজেলার সিন্দুরাটিয়ার শান্তি মার্কেটে ব্যবসা করেন। এদিকে মোবাইলে হুমকির অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ফাঁস হওয়া অডিও ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভুক্তভোগী ব্যবসায়ী কুরবান আলীর প্রতিবেশীদের সঙ্গে জমিসংক্রান্ত বিরোধ রয়েছে। ঝামেলা মেটাতে তার প্রতিপক্ষ ওই ছাত্রদল নেতার শরণাপন্ন হন। পরে ছাত্রদল নেতার কথা না মানায় কুরবান আলীর ওপর ক্ষিপ্ত হয়ে হুমকি দেন ইমরান হোসেন।

ওই ফোনালাপে ইমরানকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক খলিলুর রহমানের নাম ভাঙ্গিয়ে ভুক্তভোগীকে হুমকির পাশাপাশি ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়ার কথা বলতে শোনা যায়।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, ইমরান হোসেন জেলা আওয়ামী মোটর চালক লীগের সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ছিলেন। তবে পটপরিবর্তনের পর তিনি আত্মীয়স্বজনের সহযোগিতায় ছাত্রদলের পদ বাগিয়ে নেন।

হুমকির বিষয়ে ভুক্তভোগী কুরবান আলী জানান, ‘আমি নাকি রট, সিমেন্ট, ইটবালুর ব্যবসা করে অনিয়ম-দুর্নীতি করেছি। এজন্য সে প্রথমে ১ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে এক পর্যায়ে ৫০ হাজার টাকা চাইলেও আমি কোনো টাকা দিইনি।’

ফোনকল ফাঁসের বিষয়ে রৌহা ইউনিয়নের ছাত্রদলের সভাপতি মো. আল মামুন বলেন, ‘ফোনকলের বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়েছি এরং জেলা ও উপজেলা ছাত্রদলের সভাপতিকে বিষয়টি অবগত করেছি।’

তবে অভিযোগটিকে ষড়যন্ত্র অভিহিত করে নেত্রকোনা সদর উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ মোকশেদুল আলম রাজিব জানান, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, অভিযুক্ত ইমরান আওয়ামী মোটর চালক লীগের কমিটিতে ছিলেন কি না, তার যথাযথ তথ্য তাদের কাছে নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ