নেপালে স্বাধীনতা দিবস উদযাপন: জাতিসংঘে নির্বাচনে ২৬ দেশের সমর্থন চাইলেন রাষ্ট্রদূত - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৩৬, শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

নেপালে স্বাধীনতা দিবস উদযাপন: জাতিসংঘে নির্বাচনে ২৬ দেশের সমর্থন চাইলেন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ২৮, ২০২৬ ৯:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ৫৫তম বার্ষিকী উপলক্ষে নেপালে কাঠমান্ডুতে এক সংবর্ধনার আয়োজন করে বাংলাদেশ দূতাবাস।

নেপালের উপ-রাষ্ট্রপতিসহ ২৬টি দেশের রাষ্ট্রদূতরা এতে অংশ নেন।

এ সময় ২০২৭–২৮ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে সমর্থন চান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশের প্রার্থিতাকে তুলে ধরে দুটি ব্যানার প্রদর্শন করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় কাঠমান্ডুর র‍্যাডিসন হোটেলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দূতাবাস এ জাঁকজমকপূর্ণ সংবর্ধনার আয়োজন করে।

নেপালের উপ-রাষ্ট্রপতি রামসহায় প্রসাদ যাদব প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেপালে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও মিশনপ্রধান, নেপালের মন্ত্রিপরিষদের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাগণ, সুশীল সমাজ ও থিঙ্ক-ট্যাঙ্কের সদস্যবৃন্দ, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং নেপালে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির সদস্যগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রদূত মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধ চলাকালে নৈতিক ও বস্তুগত সহায়তার জন্য নেপাল সরকার ও জনগণের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে তিনি বাণিজ্য, বিনিয়োগ, কানেক্টিভিটি, জ্বালানি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে নেপালের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও সুদৃঢ় করার বিষয়ে বাংলাদেশ সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

রাষ্ট্রদূত এসময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ-এর দক্ষ নেতৃত্বে গঠিত নেপালের নবগঠিত সরকারকেও অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন তার নেতৃত্বে বাংলাদেশ-নেপাল দ্বিপাক্ষিক সহযোগিতা গভীরতর হবে এবং নতুন উচ্চতায় পৌঁছাবে। বাংলাদেশে নবগঠিত সরকারের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রদূত উপস্থিত অতিথিদের অবহিত করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণ করেছে এবং বাংলাদেশের নতুন সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে।

বক্তব্যের পর প্রধান অতিথি ও রাষ্ট্রদূত যৌথভাবে কেক কেটে দিবসটির বর্ণাঢ্য বার্ষিকী উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখেন। এরপর প্রধান অতিথি ও রাষ্ট্রদূতরা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে তুলে ধরেন। পরবর্তীতে ঐতিহ্যবাহী বাংলাদেশি ও আন্তর্জাতিক নানা খাবারের সমাহারে এক নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা শেষ হয়।

অনুষ্ঠানে নেপালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীসহ প্রায় ৩৮০ জন অতিথি অংশগ্রহণ করেন যাদের মধ্যে নেপালে নিযুক্ত ২৫ জন রাষ্ট্রদূত মিশনপ্রধান এবং কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ