নৌ পুলিশকে আরও শক্তিশালী করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, নভেম্বর ১৪, ২০২২ ৬:৩২ অপরাহ্ণ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নৌ পুলিশ আজকে একটি শক্তিশালী স্থানে এসেছে। এই বাহিনীটিকে আরও শক্তিশালী হতে হবে। তাই নৌ পুলিশকে আরও শক্তিশালী করা হবে। সে লক্ষ্য আমাদের আছে। আমরা সে অনুযায়ী কাজ করছি।
সোমবার (১৪ নভেম্বর) রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে নৌ পুলিশের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
কামাল বলেন, নৌ পথের নিরাপত্তা আর মিসম্যানেজমেন্ট (অব্যবস্থাপনা) ঠিক করতে নৌ পুলিশ তৈরি করা হয়েছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নৌ পুলিশের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বাস্তবায়ন করে যেতে পারেননি। বাস্তবায়ন করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রী বলেন, মৎস্য সম্পদের উন্নয়নের পেছনে এক গুরুত্বপূর্ণ অবদান এই নৌ পুলিশের। জাটকা নিধন রোধ, কারেন্ট জাল আটক, অবৈধ বালি উত্তোলন বন্ধ এবং নৌ ডাকাতি বন্ধে নৌ পুলিশ এক অনস্বীকার্য ভূমিকা পালন করছে। সুন্দরবনও বনদস্যু মুক্ত হয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ও নৌ পুলিশের অবদানে।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, নৌ পুলিশ সূচনালগ্ন থেকেই ক্রমান্বয়ে উত্তর-উত্তর সমৃদ্ধ হয়েছে। তাদের নানা ধরণের ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করতে হয়। তারা নৌ পথের নিরাপত্তা নিশ্চিতে জীবনদান করতেও পিছপা হননি। করোনাকালীন সময়ে মৎস্য সম্পদের উন্নয়ন করতে পেরেছে বিশ্বের মাত্র তিনটি দেশ। যাদের মধ্যে বাংলাদেশ একটি। আর এই সফলতার মূল কারণ নৌ পুলিশ। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তারা এই কাজ করেছেন বলে আমার ধারণা।
নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌ বাণিজ্য এবং নৌপথে চলাচলে নিরাপত্তা নিশ্চিতে নৌ পুলিশ বিশেষ ভূমিকা রাখছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাপোর্ট দিয়েছে বলেই আমরা নানা কাজ করতে পারছি। আইন বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
জনতার আওয়াজ/আ আ