পদযাত্রায় অংশ নিতে মতিঝিলে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৩ ৩:৩৪ অপরাহ্ণ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে মতিঝিলের মধুমিতা হলের সামনে ও এর আশপাশের রাস্তায় জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা। আজ শুক্রবার দুপুর আড়াইটায় বিএনপির এ কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও ১টার পর থেকেই নেতাকর্মীরা জড়ো হতে থাকেন।
এরই মধ্যে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দিচ্ছেন। এ ছাড়া আটক নেতাকর্মীর মুক্তির দাবি জানাচ্ছেন তারা। নেতাকর্মীর হাতে হাতে রয়েছে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতিঝিল এলাকায় এসে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও যুগপৎ আন্দোলনের ১০ দফা দাবি আদায়ে আজ শুক্রবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি করবে বিএনপি।
ঢাকা মহানগর দক্ষিণ
আজ শুক্রবার বেলা আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের গোপীবাগ থেকে পদযাত্রা শুরু হবে। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নয়াবাজারে গিয়ে শেষ হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকা মহানগর দক্ষিণের এ পদযাত্রায় নেতৃত্ব দেবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ পদযাত্রায় অংশ নেবেন।
ঢাকা মহানগর উত্তর
আজ দুপুর আড়াইটায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা উত্তরার জসীম উদ্দীন মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ঢাকা মহানগর উত্তরের এ পদযাত্রার নেতৃত্ব দেবেন। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এবং সদস্য সচিব আমিনুল হকসহ অন্যান্য নেতা এ পদযাত্রায় অংশ নেবেন।
আগামীকাল শনিবার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, ময়মনসিংহ, রংপুর, নারায়ণগঞ্জ, গাজীপুর, কুমিল্লা ও ফরিদপুর মহানগরে পদযাত্রা করবে বিএনপি। এ কর্মসূচি সফল করতে কেন্দ্রীয় নেতারা দেশের বিভিন্ন মহানগরে অবস্থান করবেন।
জনতার আওয়াজ/আ আ