পদযাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে বিএনপি নেতা আব্দুল জব্বার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পদযাত্রায় হাঁটতে হাঁটতে মৃত্যুর কোলে বিএনপি নেতা আব্দুল জব্বার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৩ ১২:৩৮ পূর্বাহ্ণ

 

অবৈধ আ’লীগ সরকারের পদত্যাগসহ গণতন্ত্র মুক্তির আন্দোলনের ১০ দফা দাবিতে পদযাত্রায় এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বার। অসুস্থ শরীর নিয়েও আব্দুল জব্বার দলের কোনো কর্মসূচিই বাদ দিতেন না
শনিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৩, বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের নতুন জেলখানার সামনে থেকে পদযাত্রায় অংশ নেন প্রায় সত্তর বছর বয়সী জব্বার। কিছুটা হাঁটার পরই তিনি বুকে ব্যথা অনুভব করেন।
তারপর অসুস্থ হয়ে পড়লে সঙ্গে সঙ্গে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান মোমিনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান শেখন।
আব্দুল জব্বার আলমাডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুর খবর পদযাত্রায় পৌঁছলে নেতাকর্মীরা শোকাহত হয়ে পড়েন। জেলা-উপজেলার নেতারা অনেকেই তাকে দেখতে সদর হাসপাতালে ছুটে যান।
বিএনপি নেতা হাবিবুর রহমান শেখন বলেন, “আব্দুল জব্বার বিএনপির বলিষ্ট নেতা ছিলেন। দলের কোনো কর্মসূচিই তিনি বাদ দিতেন না। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। পদযাত্রায় অংশ নিয়ে তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন।”
আব্দুল জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন,বিএনপি’র কেন্দ্র ঘোষিত পদযাত্রা কর্মসূচি চলাকালে কর্মসূচিতে অংশগ্রহণকারী আব্দুল জব্বার বাবলু’র মৃত্যুতে শোক জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি। আকস্মিকভাবে তার এই মৃত্যু অত্যন্ত বেদনার।
তিনি আব্দুল জব্বার বাবলু’র বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের গভীর সমবেদনা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ