পদ্মা কন্যা’ আসবে পদ্মাপাড়ে সেই অপেক্ষায় লাখো মানুষ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৫:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, জুন ২৫, ২০২২ ৫:১৪ পূর্বাহ্ণ

স্টাফ করেসপডেন্ট
‘পদ্মা কন্যা’ আসবে পদ্মাপাড়ে সেই অপেক্ষায় লাখো মানুষ। খুলবে লাখো মানুষের স্বপ্ন। অল্প সময়ের মধ্যেই বাস্তবায়ন হবে সেই স্বপ্ন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার (২৫ জুন) পদ্মা সেতু উদ্বোধন করবেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান এই সেতুর উদ্বোধন ঘিরে শেখ হাসিনাকে উপাধি দেন ‘পদ্মাকন্যা’ । ‘পদ্মা কন্যা’ ও আমন্ত্রিত অতিথিদের জন্য প্রস্তুত পদ্মাপাড়। দলের শীর্ষ নেতাদের অনেকে মাওয়ায় পৌঁছেছেন।
এরইমধ্যে পৌঁছেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ আরও অনেকে।
সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত এ মেগা প্রকল্পের জমকালো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর কর্মসূচির সময়সূচি অনুযায়ী মাওয়া পয়েন্টে সকাল ১১টায় তিনি স্মারক ডাকটিকিট, স্যুভেনির শিট, উদ্বোধনী খাম এবং বিশেষ সিলমোহর উন্মোচন করবেন।
এর আগে তিনি হেলিকপ্টারযোগে সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে মাওয়া পয়েন্টে কর্মসূচিতে যোগ দেবেন। পরে সকাল ১১টা ১২ মিনিটে মাওয়া পয়েন্টে টোল পরিশোধের পর উদ্বোধনী ফলক ও ম্যুরাল-১ উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পদ্মা সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। তিনি সেখানে মোনাজাতেও যোগ দেবেন।
তিনি সকাল ১১টা ২৩ মিনিটে মাওয়া পয়েন্ট থেকে শরীয়তপুরের জাজিরা পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন।
প্রধানমন্ত্রী সকাল ১১টা ৪৫ মিনিটে জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু ও ম্যুরাল-২ এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন। সেখানে মোনাজাতেও যোগ দেবেন তিনি।
দুপুর ১২টায় মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে সেতুর উদ্বোধন উপলক্ষে আয়োজিত দলের জনসভায় যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৫টায় হেলিকপ্টারে জাজিরা পয়েন্ট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবেন।
জনতার আওয়াজ/আ আ