পরিবহন মালিকরা ধর্মঘট ডাকলে কী করার আছে সরকারের:ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পরিবহন মালিকরা ধর্মঘট ডাকলে কী করার আছে সরকারের:ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, অক্টোবর ২১, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মনগড়া বক্তব্য দিয়ে আওয়ামী লীগকে তাঁদের সমাবেশের প্রতিপক্ষ বানানোর অপচেষ্টা করছেন। সরকার কিংবা আওয়ামী লীগ কখনও বিএনপির সমাবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি, করবেও না। খুলনায় বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, সেখানে ধর্মঘট ডেকেছেন পরিবহন মালিক-শ্রমিকরা। তাঁরা যদি তাঁদের পরিবহন ও শ্রমিকদের নিরাপত্তার অভাব বোধ করেন তাহলে সরকার বা আওয়ামী লীগের কী করার আছে?

গতকাল বৃহস্পতিবার রাজধানীর সেতু ভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। তিনি বলেন, বিএনপি তাদের সমাবেশে লোকসমাগম হলে বলে, সরকার ব্যর্থ। আবার লোকসমাগম না হলে বলে, সরকার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। সরকার বিএনপির সমাবেশে বাধা দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা দিচ্ছে। চট্টগ্রামে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ বা সরকারের কোনো বাধা ছিল কি? পরিবহন ধর্মঘটও তো হয়নি। তাহলে চট্টগ্রামে বিএনপির জনসভাস্থল পূর্ণ হয়নি কেন?

খুলনার সমাবেশ বাধাগ্রস্ত করতে বাস ধর্মঘট ডাকা হয়েছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সেখানেও সরকার বা আওয়ামী লীগ কোনো হস্তক্ষেপ করেনি, করবেও না। ‘ওয়ান-ইলেভেন আওয়ামী লীগ সৃষ্টি করেছিল’- মির্জা ফখরুলের এমন অভিযোগের জবাবে তিনি বলেন, ওয়ান-ইলেভেনের আগে ক্ষমতায় কারা ছিল? বিএনপিই তখন তাদের দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার লক্ষ্যে আইন সংশোধন করে বিচারপতিদের বয়স বাড়িয়ে বিতর্কের সৃষ্টি করেছিল। রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করেছিল। ১ কোটি ২৩ লাখ ভুয়া ভোটার সৃষ্টি এবং এমএ আজিজ মার্কা নির্বাচন কমিশন গঠন করে পুরো নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছিল বিএনপি। এ পরিস্থিতিতে ওয়ান-ইলেভেনে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ