পশুর হাটে নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পশুর হাটে নির্ধারিত হাসিলের বাইরে অর্থ আদায় করলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১, ২০২৫ ১১:৫১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু ক্রয় ও বিক্রয়ে সরকার নির্ধারিত হাসিল ব্যতীত কোন অর্থ আদায় করতে পারবেন না হাট ইজারাদারগণ। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা পশুবাহী কোন যানবাহনকে হাটে জোরপূর্বক প্রবেশ করানো যাবে না। পশুর হাট অবশ্যই সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত চৌহদ্দির মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে।

রোববার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট কেন্দ্রিক নিরাপত্তা, কুরবানির পশুর চামড়া সংগ্রহ, সংরক্ষণ, বিপণন ও কাঁচা চামড়া বহনকারী যানবাহনের নিরাপত্তাসহ ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে বিশেষ সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

ডিএমপি কমিশনার আরও বলেন, যত্রতত্র কোরবানির পশু লোড-আনলোড করা যাবে না। রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটালে বা জোরপূর্বক ব্যাপারীদের পশু বিক্রয়ে বাধ্য করলে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে। হাট থেকে ক্রয়কৃত কোরবানির পশু পরিবহনে যেন কেউ অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেজন্য তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার বলেন, যে কোন ধরনের সমস্যায় জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ জানাবেন। ঘটনার প্রমাণ রাখবেন, ভিডিও করে রাখবেন। রাস্তার শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে কোন খারাপ আচরণ করবেন না। অযাচিত ও অনাকাঙ্খিত কোন আচরণ করলে বা রাস্তা ব্লক করে পশুর হাট বসালে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সমন্বয় সভায় বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধিগণ, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিটের প্রতিনিধিগণ, বাংলাদেশ ব্যাংক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, প্রাণী সম্পদ অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিপিডিসি, ডেসকো, ঢাকা জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, লবন ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিগণ এবং ঢাকা মহানগরীর বিভিন্ন পশুর হাটের ইজারাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ