পাঁচ মাসেও সরকারের কোনো সাফল্য নেই: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পাঁচ মাসেও সরকারের কোনো সাফল্য নেই: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫ ৩:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ড. ইউনুসকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বৈষম্যহীন দেশ হবার মতো একটা পদক্ষেপ কি গ্রহণ করেছেন? কোনো একটা জায়গাতে বৈষম্য দূর হয়েছে? আমরা রাজনৈতিক দল করি, কিন্তু আপনাকে অযথা উত্যক্ত করি না।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত নতুন করে ভ্যাট আরোপ সরকারের নির্দয় সিদ্ধান্তের প্রতিবাদে নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা জানি, ৫০ বছর ধরে যে বৈষম্য বাংলাদেশের মাটিতে টিকে আছে, সে বৈষম্য একদিনে দূর করা যাবে না। কিন্তু, আমরা তো আপনাকে জিজ্ঞেস করতেই পারি, কোন যুক্তিতে আপনি টিসিবি’র ট্রাকের পণ্য বন্ধ করে দিয়েছেন। এক কোটি পরিবারকে আপনি যদি কার্ড দিয়ে থাকেন, তাহলে ৪৪ লাখ কার্ড কোন যুক্তিতে আপনি বন্ধ করে দিয়েছেন? গরিব পরিবারের যে কার্ডগুলো বন্ধ করে দিয়েছেন, এটা করার কোনো দরকার ছিল না। ভ্যাট-ট্যাক্স, টিসিবির কার্ডে দরিদ্র মানুষের জন্য খাবারের বন্দোবস্ত করা, যেটা বন্ধ করেছেন সেটা অবিলম্বে চালু করতে হবে।

তিনি আরও বলেন, একটা পত্রিকা লিখেছে, এবার শিশু খাদ্যে পর্যন্ত রেহাই দিলো না। শিশুদের খাদ্য ভ্যাট-ট্যাক্স বসেছে। এগুলো মগের মুল্লুক নাকি! উনি (ড. ইউনুস) অনেক বড় অর্থনীতিবিদ বলে, নোবেল বিজয়ী বলে ইচ্ছে মতো ভ্যাট-ট্যাক্স বাড়িয়ে দিতে পারবেন।

মান্না আরও বলেন, জিনিসপত্রের দাম কমানোর ব্যাপারে এই সরকারের কোনো উদ্যোগ আমরা দেখিনি। পাঁচ মাসে এসরকারের কোনো সাফল্য নেই। অর্থনীতিতে যিনি নোবেল পেয়েছেন, তিনি অর্থনৈতিক কোনো গতি দিতে পারেননি। ড. ইউনুসকে খুবই সম্মান করি। কিন্তু যেটা বাস্তব সেটা বলতে হবে।

ড. ইউনুসকে উদ্দেশ্য করে নাগরিক ঐক্যের এই সভাপতি বলেন, আপনি বড় কাজ করেছেন, তা তো নয়। আপনি ক্ষুদ্র ঋণের উপরে নোবেল পুরষ্কার পেয়েছেন। আপনি শান্তিতে পেয়েছেন। কিন্তু, এখন দ্রব্য-মূল্যের কারণে গরীব মানুষের মধ্যে শান্তি বিরাজ করে না। যে কারণে নোবেল পেয়েছেন, সেটি এখন নস্যাৎ হয়ে গেছে। সেই কাজ এখন মানুষের কোনো কল্যাণে আসছে না।

তিনি বলেন, দেশকে আমরা ভালোবাসি। আপনি (ড.ইউনুস) কেন জিনিসের দাম কমাতে পারেননা, সেটা বলতে হবে। আইনশৃঙ্খলা কেন ঠিক করতে পারছেননা। কেন পাঁচ মাসে কোনো গুণগত পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে নাগরিক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, লেপার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, জাগপা সহসভাপতি রাশেদ প্রধানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ