পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত বেড়ে ২৬
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ৭, ২০২৫ ৩:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে আজাদ কাশ্মীরসহ দেশটির কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। এছাড়া হামলায় কমপক্ষে ৪৬ জন আহত হন।
বুধবার (০৭ মে) সকালে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানান, এদিন প্রথম প্রহরে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন।
ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না।
পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
তবে দেশটির এই হামলাকে ‘লজ্জাজনক’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের মধ্যে চলমান সংকট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তিনি উভয় দেশের সর্বোচ্চ সামরিক সংযমের আহ্বান জানিয়েছেন। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্বের জন্য ভালো কিছু বয়ে আনবে না বলেও সতর্ক করেন তিনি।
জনতার আওয়াজ/আ আ