পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশ প্রধানমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৮:৩৪ অপরাহ্ণ

পাটকে কৃষিপণ্য হিসেবে গণ্য করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নির্দেশ অবিলম্বে কার্যকর করারও নির্দেশনা দিয়েছেন তিনি। সোমবার (৯ জানুয়ারি) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বর্তমান দেশীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে পাটের আঁশের ব্যবহার অনেক বেড়েছে এবং অনেক সম্ভাবনা তৈরি হয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। এখন থেকে পাট হবে কৃষিজাত পণ্য। এতদিন এটা কৃষিপণ্য ছিল না। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পাট কৃষিজাত পণ্য হিসেবে রপ্তানিসহ সর্বত্র সরকারের সুযোগ-সুবিধা পাবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাট উৎপাদনের যে প্রক্রিয়া ছিল, অনেক ক্ষেত্রে শিল্পজাত পণ্য হিসেবে ব্যবহৃত হতো। অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, কৃষি ঋণ এখন পাটের ক্ষেত্রেও দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, আপনারা জানেন গত ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন হয়েছে। সেখানে মানুষের বিপুল আগ্রহ নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন আমরা যেন এটা প্রচার করি ব্যবহারে সচেতন হতে। সার্বিক যত্ন নিয়ে যেন আমরা ব্যবহার করি, সে বিষয়ে জনসচেতনতা তৈরি করতে বলেছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রিসভার বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইনের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। এটি মূলত সরাসরি নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য গত বছর অধ্যাদেশ আকারে বিইআরসির যে আইন সংশোধন করা হয়েছিল, সেটিই নিয়মিত আইনে রূপান্তরের উদ্যোগ। সেই সময় সংসদ অধিবেশন না থাকায়, অধ্যাদেশ আকারে জারি করা হয়েছিল।
এটি নতুন বছর ২০২৩ সালের প্রথম এবং বর্তমান সরকারের ১০৮তম মন্ত্রিসভা বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জনতার আওয়াজ/আ আ