পানির দাম কেন বাড়লো, খবর নেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পানির দাম কেন বাড়লো, খবর নেবেন বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জুন ২৬, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বোতলজাত পানির দাম বাড়ানো হয়েছে আমি প্রথম শুনলাম এটা। খবর নেবো, কেন বাড়ানো হয়েছে। এ ব্যাপারে আমাদের কি করণীয় অবশ্যই আমরা এটার ব্যবস্থা নেবো বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (২৬ জুন) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এ তথ্য জানান।

সাবান ও গুঁড়া সাবানের দাম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে টিটু বলেন, সাবান নিয়ে এর আগে কেউ প্রশ্ন করে নাই। এটা নিয়ে কোনো কিছু করণীয় আছে কিনা সেটা দেখবো। আপনার বিষয়টি আমি গুরুত্বসহকারে নিয়েছি। অনেক বিষয় আছে সেটা আমাদের কিনা দেখতে হবে। শিল্পগুলো শিল্প মন্ত্রণালয়ের। তাই সাবানের দাম নির্ধারণের এখতিয়ার আমাদের আছে কিনা; সেটা দেখে আপনাদের জানাব।

বাজারে আলুর দাম ৭০ টাকা কেজি, পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা কেজি। এটাকে স্বাভাবিক মনে করেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাজারে আলু পেঁয়াজ পর্যাপ্ত আছে, এটাকে স্বাভাবিক বলে মনে করি। দাম যৌক্তিকতার বিষয়টি আমার না। আমি দেখবো, সেটা বার বার বলার চেষ্টা করতেছি।’

পণ্যের দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো পণ্যের দাম নির্ভর করে বাজারের চাহিদা ও সরবরাহের ওপর। আমরা যদি সরবরাহ করতে পারি তাহলে দাম কমে যাবে। যতক্ষণ পর্যন্ত বাজারে আলু ও পেঁয়াজ কম দামে সরবরাহ না থাকবে ততক্ষণ পর্যন্ত বাজারে যে মূল্য আছে সে মূল্যটাকে আমাকে মূল্য হিসেবে দেখতে হবে। আমি চাইলেই কাউকে এমন কোনো আইন করে বলতে পারবো না। পেঁয়াজের দাম এতো। অন্তত আমি পারবো না। সেটা কৃষি বিপণন অধিদফতর বলতে পারবে।’

কৃষি উৎপাদিত পণ্যের মূল্য নির্ধারণ করে দেয়ার মেকানিজম জানা নেই উল্লেখ করে আহসানুল ইসলাম বলেন, ‘যদি দাম বেড়ে যায়, তাহলে আমদানি করে কম দামে বাজারে সরবরাহ করলে দাম কমে যাবে।’

এসময় আরও উপস্থিত ছিলেন বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হক প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ