পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতের তীব্র সমালোচনা করল পাকিস্তান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পানি চুক্তি স্থগিতে জাতিসংঘে ভারতের তীব্র সমালোচনা করল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:২৯ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক

ভারত ও পাকিস্তানের মধ্যে সম্প্রতি যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হলেও সিন্ধু নদের পানি চুক্তি স্থগিত করায় দু’দেশের সম্পর্কে এখনও উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে জাতিসংঘে ভারতকে তীব্র সমালোচনার মুখে ফেলেছে পাকিস্তান। তাদের অভিযোগ, ভারতের এই পদক্ষেপ কোটি কোটি মানুষের জীবনকে বিপদে ফেলেছে এবং এটি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন আজ রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

দ্য ডন জানিয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তা শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং ২৪ কোটি মানুষের অস্তিত্বের জন্য হুমকি তৈরি করেছে বলে জাতিসংঘকে সতর্ক করেছে পাকিস্তান।

গত শুক্রবার সন্ধ্যায় জাতিসংঘে ‘সশস্ত্র সংঘাতে পানিসম্পদ সুরক্ষা’ বিষয়ক এক বৈঠকে পাকিস্তান এই উদ্বেগ প্রকাশ করে। দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে, যেন এমন পদক্ষেপ মানবিক বিপর্যয় বা আঞ্চলিক অস্থিরতার দিকে না ঠেলে দেয়, সে বিষয়ে আগাম ব্যবস্থা নেওয়া হয়।

জাতিসংঘে পাকিস্তানের ডেপুটি স্থায়ী প্রতিনিধি উসমান জাদুন বলেন, “এটি আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, চুক্তির আইন এবং রীতিনীতিভিত্তিক আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।”

তিনি আরও বলেন, “আমরা ভারতের এই বেআইনি ঘোষণা — সিন্ধু চুক্তিকে কার্যত স্থগিত করার — তীব্র নিন্দা করছি। আমরা ভারতের কাছে জোর দাবি জানাই, তারা যেন আইনি বাধ্যবাধকতা মেনে চলে এবং পাকিস্তানের জন্য জীবনরেখাসম এই নদীগুলোর পানির প্রবাহ থামানো, ঘুরিয়ে দেওয়া বা বাধা দেওয়ার মতো কোনো পদক্ষেপ না নেয়। পাকিস্তান এ ধরনের কোনো পদক্ষেপ কখনোই মেনে নেবে না।”

জাদুন ভারতের শীর্ষ নেতৃত্বের কিছু মন্তব্যকে উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন। উদাহরণস্বরূপ, ‘পাকিস্তানিদের না খাইয়ে মারার’ মতো মন্তব্যকে তিনি ‘বিকৃত ও বিপজ্জনক মানসিকতা’র পরিচায়ক বলে অভিহিত করেন।

পাকিস্তান জাতিসংঘের এই প্ল্যাটফর্ম ব্যবহার করে বিশ্বজুড়ে একটি ঐকমত্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে, যাতে কোনো দেশ পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে না পারে।

উসমান জাদুন নিরাপত্তা পরিষদকে এই ইস্যুতে সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত এমন পরিস্থিতিগুলোর ওপর নজর রাখা, যেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মাধ্যমে শান্তি ও নিরাপত্তা বিপন্ন হতে পারে বা মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হতে পারে।”

মূলত পাকিস্তানের এদিনের বক্তব্যে তিনটি বিষয় বিশেষভাবে তুলে ধরা হয়:

আন্তর্জাতিক মানবাধিকার আইন ও আন্তর্জাতিক মানবিক আইন অনুসারে, পানি সম্পদ বা এর পরিকাঠামোতে আক্রমণ নিষিদ্ধ এবং পানি সরবরাহ বন্ধ করা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী।
সব পক্ষকে এমন সব পদক্ষেপ এড়িয়ে চলতে হবে, যা মানবিক বিপর্যয় ঘটাতে পারে।
পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করাটা গ্রহণযোগ্য নয় এবং এর ফলে অঞ্চলজুড়ে অস্থিতিশীলতা তৈরি হয়।

উসমান জাদুন শেষ করেন এই বলে, “এটা দুঃখজনক যে একটি দেশ পানিকে এখন কূটনৈতিক চাপ প্রয়োগের অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে।”

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ