পাবনায় স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে নানা অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৭, ২০২৫ ২:৪২ অপরাহ্ণ

পাবনা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
চাঁদাবাজি ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে আদনান উদ্দিনের বিরুদ্ধে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। ছবি: ব্রেকিংনিউজ
পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক ও সাংবাদিক এস. এম. আদনান উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণা ও অপসাংবাদিকতার অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
রবিবার (২৭ জুলাই) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে পৌরসভার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলকারীরা আদনান উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এ সময় বক্তারা বলেন, আদনান উদ্দিন নিজেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক পরিচয় দিয়ে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সামাজিক অস্থিরতা তৈরি এবং অপসাংবাদিকতার মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি ছড়াচ্ছেন। তিনি তার মালিকানাধীন স্থানীয় দৈনিক পাবনার চেতনা পত্রিকাকে ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছেন, যা ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাজনৈতিকভাবে সক্রিয় জনগণের জন্য মানহানিকর ও হুমকিস্বরূপ।
এ সময় ভুক্তভোগী সিরাজুম মুনিরা প্রশাসনের কাছে চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো:
১. আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ
২. তার নেতৃত্বে সংগঠিত চাঁদাবাজি ও অপসাংবাদিকতার নেটওয়ার্ক চিহ্নিত করে ভেঙে দেওয়া
৩. ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা প্রদান
৪. জনস্বার্থে পাবনার চেতনা পত্রিকার কার্যক্রম মনিটরিং ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ
বিক্ষোভ শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত অভিযোগ তুলে ধরে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাবনা জেলা শাখার মুখপাত্র সিরাজুম মুনিরা সাংবাদিকদের বলেন, “আদনান উদ্দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় নেতাদের সঙ্গে সম্পর্ক রেখে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। এখন বিএনপির ছায়ায় থেকে নানা চাঁদাবাজি করছে। তার পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার মানহানি করেছে। আমি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেছি। প্রশাসনের কাছে দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সাংবাদিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক এস. এম. আদনান উদ্দিন বলেন, “অনন্য সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরীর কাছে আমরা টাকা পাই। সেটা না দেওয়ায় আমি প্রতিবাদ করেছি। এজন্য তিনি আমার বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন। আজকে তিনি ওই ছাত্র আন্দোলনের মুখপাত্র দিয়ে আমার বিরুদ্ধে বিক্ষোভ করিয়েছেন। যেসব অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। আমি কারও কাছে চাঁদাবাজি করিনি। কেউ প্রমাণ দিতে পারবে না। আমার বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে।”
জনতার আওয়াজ/আ আ