পাল্টাপাল্টি সংঘর্ষে ইউপি চেয়ারম্যান-আ’লীগ সভাপতিসহ আহত ৫
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, এপ্রিল ৬, ২০২৪ ৩:২০ অপরাহ্ণ

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটায় খেলার মাঠে ধানক্ষেতের পানি সেচ দেয়াকে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি হামলা ও মারপিটে সখিপুর ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনসহ অন্তত ৫ জন আহত হয়েছেন।
শনিবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার উত্তর সখিপুর শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। এতে প্রায় ঘন্টাব্যাপী চলা ধাওয়া পাল্টা ধাওয়া ও মারপিটে আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। পরে দেবহাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে পিলেরমাঠ এলাকায় শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠের পাশে নিজ জমিতে মৎস্য ঘের ও ধানচাষ করে আসছিলেন সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেনের ছোটভাই আবুল হোসেন। চলতি মৌসুমে তার ক্ষেতের ধান কারেন্ট পোকায় আক্রান্ত হওয়ায় শনিবার সকালে আবুল হোসেন ও তার ছেলে আজহারুল ইসলাম এবং কর্মচারী সখিপুরের আরশাদের ছেলে রাজু ধানক্ষেতের পানি বৈদ্যুতিক মোটরের মাধ্যমে সেচ করে পার্শ্ববর্তী শেখ রাসেল স্মৃতি ফুটবল মাঠে ফেলছিলেন। এক পর্যায়ে সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম সেখানে পৌঁছে ধানক্ষেতের পানি ফুটবল মাঠে ফেলতে নিষেধ করেন। এ নিয়ে বাকবিতন্ডতার এক পর্যায়ে তাদের মধ্যে মারপিট শুরু হলে ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আহত হন।
বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চেয়ারম্যান সাইফুল ইসলামের লোকজন সেখানে পৌঁছে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেনের দুই ছোটভাই আবুল হোসেন ও আব্দুল গফুর এবং ঘেরের কর্মচারি রাজুকে পিটিয়ে আহত করেন। মারপিটের খবর শুনে কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সরদার আমজাদ হোসেন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও মারপিট করেন বিক্ষুব্ধ ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। পরে দেবহাটা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার আমজাদ হোসেন সহ তাদের লোকজনের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।
জনতার আওয়াজ/আ আ