পুরোনো সংবিধান ও শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মার্চ ৪, ২০২৫ ২:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
পুরোনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, নতুন প্রজাতন্ত্র গড়তে নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন প্রয়োজন।
মঙ্গলবার (৪ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠার পর প্রথম কর্মসূচির অংশ হিসেবে এদিন সকাল ৮টার দিকে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এনসিপি নেতাকর্মীরা। এরপর এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধন নিতে শর্তাবলী পূরণ করে দ্রত এগিয়ে যাবে। গঠনতন্ত্র প্রণয়নের কাজ চলছে।
জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে দেখতে চান তারা। সেইসঙ্গে বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা দেশের মাটিতে করতে হবে বলেও জানান তিনি।
শ্রদ্ধা জানাতে এসে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, স্বাধীনতার মূলমন্ত্র অধরা থেকে গেছে। এনসিপি এই মূলমন্ত্র বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ডান-বামের বাইনারির মধ্যে না যেয়ে মধ্যপন্থি দল হিসেবে কার্যক্রম পরিচালনা করবে এনসিপি।
এ সময় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ