পুলিশকে পদক দেওয়ার ছবি নিয়ে ভারতের অপপ্রচার, যা জানা গেল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মে ৪, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মে ৪, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ভারতীয় টেলিভিশন চ্যানেলে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক দেওয়ার ছবিকে গোপন ছবি দাবি করে প্রচার করা হয়েছে। গতকাল শনিবার আজতক বাংলা এক ভিডিও প্রতিবেদনে কয়েকটি ছবি দেখিয়ে এ দাবি করে।
রোববার (৪ মে) দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
পোস্টে বলা হয়, ভারতীয় টেলিভিশন চ্যানেল আজতক বাংলায় প্রচারিত একটি প্রতিবেদনে পুলিশ সপ্তাহ উপলক্ষ্যে বাংলাদেশ পুলিশ সদস্যদের প্রধান উপদেষ্টার পদক প্রদানের ছবিকে গোপন ছবি বলে প্রচার করা হয়েছে। সম্প্রতি প্রচারিত ওই প্রতিবেদনে পুলিশের ইউনিফর্মকে পাকিস্তানের জেনারেলের পোশাকের সঙ্গে মিল রয়েছে রয়েছে এমন দাবি করে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস কাদের সঙ্গে হাত মেলাচ্ছেন এমন প্রশ্ন তোলা হয়।
আরও বলা হয়, মূলত গত ২৯ এপ্রিল পুলিশ লাইন্সে কৃতিত্বেপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশের ৬২ জন সদস্যকে পদক দেওয়া হয়। তাদের মধ্যে এই ছবিতে রয়েছেন তিনজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক খন্দকার রফিকুল ইসলাম, মোসলেহ উদ্দিন আহমদ ও মো. ছিবগাত উল্লাহ এবং উপ-মহাপুলিশ পরিদর্শক কাজী মো. ফজলুল করিম। তারা প্রত্যেকেই নিজ দায়িত্বে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন।
‘এটি কোনো গোপন ছবি নয়। এই ছবিটি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে সরবরাহ করা হয়েছিল।’
প্রেস উইং ফ্যাক্ট পেজে বলা হয়, আজতক বাংলার এই প্রতিবেদন বাংলাদেশ সেনাবাহিনীতে জড়িয়েও মিথ্যা প্রচারণা চালানো হয়েছে। এগুলো সবই বাংলাদেশের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অংশ এবং চরম নিন্দনীয়।
জনতার আওয়াজ/আ আ