পুলিশের ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা আমাদের অগ্রাধিকার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ৯, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ৯, ২০২৬ ৯:২০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নই বর্তমানে সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।
আগামীকাল রবিবার (১০ মে) থেকে চার দিনব্যাপী জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ এর কর্মসূচি শুরু হচ্ছে।
বাণীতে তারেক রহমান বলেন, বর্তমান সরকার একটি সমৃদ্ধ, স্বনির্ভর, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তবে জনগণের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত না হলে এই লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে।
তিনি আরও বলেন, রাষ্ট্রে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ বাহিনীর বিকল্প নেই। তবে পুলিশ যদি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে পারে, তাহলে দায়িত্ব পালন আরও সহজ ও কার্যকর হয়।
প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার ফলে জনমনে শান্তি ও স্বস্তি ফিরেছে।
তিনি উল্লেখ করেন, জনগণ এখন গুম, অপহরণ ও ভয়ের সংস্কৃতিমুক্ত একটি রাষ্ট্র ও সমাজ প্রত্যাশা করে, যেখানে জানমালের কোনো অনিশ্চয়তা থাকবে না এবং অবিচার, অনাচার কিংবা নির্যাতন-নিপীড়নের ভয়ও থাকবে না। এ ধরনের একটি পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
তারেক রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের প্রতিটি সংকট ও প্রয়োজনের সময় পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে। সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা প্রমাণ করেছে, তারা একটি উপযোগী ও অনুকূল পরিবেশে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সক্ষম।
তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের স্বাক্ষর রেখেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশের গৌরবোজ্জ্বল ভূমিকা বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। তবে পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় পুলিশের আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এখন সময়ের দাবি।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জাতীয় অগ্রগতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। তাই পুলিশের উন্নয়নে বিনিয়োগকে সরকার জননিরাপত্তার অপরিহার্য অংশ হিসেবে বিবেচনা করে।
তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করা জরুরি। মব সহিংসতা, কিশোর গ্যাংয়ের কার্যক্রম এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ও কঠোর ভূমিকা রাখতে হবে।
রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের আস্থা বজায় রাখতে একটি পেশাদার ও দায়িত্বশীল পুলিশ বাহিনী অপরিহার্য উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, প্রতিবছর অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ যেন পুলিশের জন্য জনগণের আস্থা অর্জনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হয়ে ওঠে।
পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিনি বাংলাদেশ পুলিশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সদস্য এবং অবসরপ্রাপ্তদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশ পুলিশের সার্বিক সাফল্য, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করেন।
সূত্র: বাসস
জনতার আওয়াজ/আ আ