পুলিশের করা ৩৪ হত্যা মামলা নিয়ে প্রশ্ন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, আগস্ট ২৬, ২০২৪ ১২:১৯ অপরাহ্ণ

৬৪ জনের মৃত্যুর ঘটনায় পুলিশের মনগড়া এজাহার।
স্বজনদের করা তিন মামলাও প্রশ্নের মুখে।
আসামি বিএনপি-জামায়াতের, গ্রেপ্তার আওয়ামী লীগের নেতারা।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে এক হকারের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশফাইল ছবি: প্রথম আলো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা-সংঘাতে নিহত হওয়ার ঘটনায় শেখ হাসিনা সরকারের পতনের আগে করা পুলিশের করা মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। ৫ আগস্টের আগে ৬৪ জন নিহত হওয়ার ঘটনায় রাজধানী ঢাকার বিভিন্ন থানায় পুলিশ ৩৪টি মামলা করেছে। তাতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের। একই সময়ে স্বজনদের বাদী করে আরও তিনটি হত্যা মামলা হয়, তাতেও একই রকম আসামি করা হয়।
বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীদের আসামি করা সেসব মামলায় এখন আওয়ামী লীগের নেতা, সাবেক মন্ত্রী ও কর্মকর্তাদের গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হচ্ছে। আইনজীবীদের মতে, এমন অসংগতি পুরো মামলাকেই দুর্বল করে দেবে।
এসব মামলার এজাহারের বর্ণনা নিয়ে প্রশ্ন তুলেছেন নিহতদের স্বজনেরাও। পুলিশের গুলিতে মারা যাওয়ার ঘটনায়ও অজ্ঞাতনামা বিএনপি, জামায়াত ও কোটা আন্দোলনকারীরা জড়িত বলে উল্লেখ করার কথা পরে জানতে পেরে তাঁরা বিস্মিত হয়েছেন। তাঁদের দাবি, তাঁরা এমন এজাহার দেননি। পুলিশ মনগড়া এজাহার দিয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের আগে পুলিশের করা ৩৪ মামলায় আসামি করা হয় বিএনপি-জামায়াত ও আন্দোলনকারীদের।
জনতার আওয়াজ/আ আ