পূজার শেষ পর্যন্ত মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

পূজার শেষ পর্যন্ত মণ্ডপে আনসার সদস্যরা থাকবেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, সেপ্টেম্বর ১১, ২০২২ ৫:৪২ অপরাহ্ণ

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, আসন্ন দুর্গাপূজায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সারাদেশের মণ্ডপগুলোতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে।

রোববার (১১ সেপ্টেম্বর) দুর্গাপূজা উপলক্ষে দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি বলেন, যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। এবার সব মণ্ডপে আনসার স্থায়ীভাবে থাকবে। আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে সিসিটিভি থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।

গত বছর কুমিল্লার ঘটনায় পুনরাবৃত্তিরোধে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধের বিষয়ে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ গুজব রটালে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

আসাদুজ্জামান খান কামাল বলেন, পূজায় আজান ও নামাজের সময় যেন শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখা হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ ধর্ম ও পূর্জা নিয়ে গুজব ছড়ালে তাকে আইনের আওতায় আনা হবে।

দেশের ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে এবার দুর্গাপূজা উৎযাপিত হবে বলে মন্ত্রী জানিয়েছেন। গত বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উৎযাপিত হয়েছিল। গতবারের তুলনায় এবার পূজামণ্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি।

স্বরাষ্ট্রের দুই বিভাগের সচিব, ধর্ম সচিব, র‌্যাবের ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ