পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধছেন জায়েদ খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪ ৭:৪৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার আলোচিত ও ব্যস্ত নায়ক জায়েদ খান। বৃহস্পতিবার (২৮ মার্চ) হঠাৎ করেই তিনি তার ভক্তদের জন্য নিয়ে এলেন নতুন ‘চমক’। ভারতের হিন্দি ও বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জির সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। এর বেশি কিছু বলতে চাইলেন না তিনি। রহস্য জিইয়ে রাখলেন জায়েদ খান।
ফেসবুক পোস্টে লেখেন, ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের থাকে না অ্যান্সার।’ হ্যাশ ট্যাগ দিয়ে লেখেন, বিগঅ্যানাউসমেন্ট, স্টে টিউন, লোডিং। একই ছবি ও পোস্ট দিতে দেখা যায় পূজাকেও।
বিস্তারিত জানতে যোগাযোগ করা হয় জায়েদ খানের সঙ্গে। পূজার সঙ্গে জুটি বাধা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সবকিছু চূড়ান্ত। সিনেমাটিতে পূজা ছাড়া আরো অনেক চমক থাকছে। বিগ ধামাকা আসছে। আমার ভক্তরা এ সিনেমাটি নিয়ে গর্ব করবে। আমি কাজের প্রতি এখন অনেক বেশি মনোযোগী। সামনে আরও ভালো কাজ দর্শক দেখতে পাবেন। নতুন সিনেমাটি নিয়ে আমি খুব আশাবাদী। ইন্ডাস্ট্রির ভালো সিনেমার খোরাক মেটাবে আমার ও পূজার এ সিনেমাটি।’
তবে সিনেমার নাম এবং প্রযোজনা প্রতিষ্ঠানের নাম এখনই বলতে চান না অভিনেতা। তার কথা, ‘বড় একটা প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছি। এখনই কিছু বলব না। আপাতত আমার ঈদের সিনেমা ‘সোনার চর’-এর প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। সেটাই করতে চাই।’
আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জায়েদ খান অভিনীত ‘সোনার চর’ সিনেমা। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই অভিনেতার সিনেমা। ‘সোনার চর’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। এতে জায়েদ খান ছাড়াও অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, স্নিগ্ধা, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন প্রমুখ।
উল্লেখ্য, পূজা ব্যানার্জি স্টার প্লাসে সম্প্রচারিত ‘তুঝ সাং প্রীত লাগাই সাজনা’ শোতে বৃন্দা চরিত্রে অভিনয় করার জন্য সুপরিচিত। এ ছাড়াও তেলেগু, কলকাতা বাংলা ও হিন্দি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।
জনতার আওয়াজ/আ আ