প্রকাশিত হলো মাহফুজ-বুবলীর ‘মেঘের নৌকা’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ৫, ২০২৩ ৪:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ ৯:১২ অপরাহ্ণ

এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে মাহফুজ আহমেদ-বুবলী জুটির প্রথম সিনেমা ‘প্রহেলিকা’। শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঢাকা ক্লাবে ইমরান ও কোনালের গাওয়া ‘মেঘের নৌকা’ শিরোনামে ছবির একটি গানের শুভ মুক্তি উপলক্ষে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান ছবির পরিচালক চয়নিকা চৌধুরী।
প্রহেলিকার কাহিনীর প্রসঙ্গ উঠতেই তিনি বললেন, “প্রেম মানেই না পাওয়ার অনুভূতি। আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। অর্পা ও মনার প্রেম কাহিনীই হচ্ছে একটি প্রহেলিকা।
“প্রহেলিকা আসলে কী, সেটা সিনেমা দেখার পর দর্শক জানবে। আমি জানি না। হলে গিয়ে দর্শক সিনেমাটা দেখে বলবে, প্রহেলিকাটা কী?”
সিনেমাটির সাফল্য নিয়ে আশা প্রকাশ করে নির্মাতা বলেন, “মানুষ এখন কন্টেন্ট পছন্দ করে। প্রহেলিকাও দর্শকের পছন্দ হওয়ার মতো একটা কন্টেন্ট। পান্থ শাহরিয়ারের এই কন্টেন্ট নিয়ে আমরা দেড় বছরের বেশি সময় ধরে অনুশীলন করেছি।
“একটি সুন্দর কন্টেন্টের পেছনে যখন এত শ্রম দেওয়া হয়, সে কন্টেন্ট মানুষের পছন্দ না হওয়ার সুযোগ থাকে না। দর্শক যেহেতু গল্প পছন্দ করে; আমার বিশ্বাস দর্শক হলে গিয়ে প্রহেলিকা দেখবে এবং পছন্দ করবে।”
ছবির কাজ প্রায় শেষ। আগামী ঈদে মুক্তির চিন্তাভাবনা থাকলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত করেননি বলে জানান এই নির্মাতা।
পান্থ শাহরিয়ারের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে ছবিটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতু, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে।
জনতার আওয়াজ/আ আ