প্রকাশ্যে মাদক বেচাকেনার অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, অক্টোবর ৫, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, অক্টোবর ৫, ২০২২ ৯:৫৫ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিনের বিরুদ্ধে প্রকাশ্যে মাদক কেনাবেচার অভিযোগ উঠেছে।
বুধবার (৫ অক্টোবর) দুপুরে প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন শহরের মধ্যপাড়ার শান্তিবাগ এলাকাবাসী ও যুব পঞ্চায়েত কমিটি। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন যুব পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক ইলিয়াছ চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, শান্তিবাগ এলাকাকে মাদকের অভয়ারণ্যে পরিণত করেছে বর্তমান জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুর রহমান হৃদয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মেহেদী হাসান লেলিনের নেতৃত্বাধীন একটি চক্র। এতে করে এলাকায় ইয়াবা ও ফেন্সিডিল প্রকাশ্যে বেচাকেনায় এলাকার উঠতি বয়সী, যুবকেরা নেশায় আসক্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে।
এতে স্থানীয় যুব পঞ্চায়েত কমিটি মাদক নির্মূলে এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনে পদক্ষেপ নেয়। সিসিটিভি ক্যামেরা স্থাপনের সময় তারা বাধা প্রদান করলে লেলিন ও হৃদয়ের প্রধান সহযোগী এমরানকে মাদকসহ আটক করে পঞ্চায়েত কমিটির সদস্যরা। খবর পেয়ে মাদকের গডফাদারদের নেতৃত্বে পঞ্চায়েত কমিটির সদস্যদের বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়।
লিখিত বক্তব্যে বলা হয়, এ সময় যুব পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমেদ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলামসহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়। এ ঘটনায় গত ১৯ ফেব্রুয়ারি পঞ্চায়েত কমিটির অর্থ সম্পাদক ইলিয়াছ চৌধুরী বাদী হয়ে লেলিন, হৃদয়সহ ১২ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এতে হৃদয়ের নামে ওয়ারেন্ট জারি হলেও তাকে অদ্যাবধি গ্রেফতার করেনি পুলিশ। সেদিনই অপরাধীদের নাম উল্লেখ করে জেলা প্রশাসকে ব্যবস্থা নিতে আবেদন করেন এলাকাবাসী।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, তাজুল ইসলাম, নুরু মিয়া, যুব পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সুমন আহমেদ, পৌর তাঁতী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া ও ইকবাল হোসেন প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ