প্রতিবন্ধী নেতাদের ষড়যন্ত্রে জাতীয় পার্টি ভাঙবে না: চুন্নু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ

প্রতিবন্ধী নেতাদের ষড়যন্ত্রে জাতীয় পার্টি (জাপা) ভাঙবে না উল্লেখ মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, লোভ-লালসায় কেউ কেউ দালালি করতে পারেন, কিন্তু এরশাদের লাখ লাখ কর্মী কোনো ষড়যন্ত্রের ফাঁদে পড়বেন না। আগামী ২৬ নভেম্বর জাতীয় পার্টি মহানগর উত্তরের সম্মেলনে হাজার হাজার কর্মীর ঢল প্রমাণ করবে জিএম কাদেদের নেতৃত্বে জাতীয় পার্টি ঐক্যবদ্ধ।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে দলটির মহানগর উত্তরের সম্মেলন প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন চুন্নু।
সভায় বিএনপির কথা উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, বিএনপির অভিযোগ— সমাবেশ করলে সরকার সমর্থক ও পুলিশ তাদের ওপর হামলা করছে। ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জাতীয় পার্টি রাজপথে নামলেই হামলা করতো বিএনপি। এ সময়ে জাতীয় পার্টি কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে পারেনি। এখন সেই ধারাবাহিকতা (পুনরাবৃত্তি) চলছে।
জাপা মহাসচিব বলেন, জাতীয় পার্টি মানুষের রাজনৈতিক অধিকারে বিশ্বাস করে। দেশের সব ক্ষমতা এখন একব্যক্তির হাতে। দেশে ক্ষমতার ভারসাম্য নেই। অতিরিক্ত ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়। অস্বাভাবিক ক্ষমতায় দুর্নীতি বেড়ে যায়। দেশের এমন বাস্তবতা থেকে মুক্তি দিতে হবে। দেশের মানুষকে মুক্তি দিতেই জাতীয় পার্টির রাজনীতি।
সরকারের সদিচ্ছা না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি প্রমাণ করেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে। কিন্তু ওই নির্বাচনে যারাই হেরেছে, তারাই অভিযোগ করেছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আমরা চাই আনুপাতিক হারে নির্বাচন হোক। আনুপাতিক হারে নির্বাচন হলে ভোটে কারচুপি হবে না, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে।
জনতার আওয়াজ/আ আ