প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি : খালেদা জিয়া(ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৪৮, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রতিশোধ নয়, আসুন শান্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলি : খালেদা জিয়া(ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ৫:১০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, আগস্ট ৭, ২০২৪ ১১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ভালোবাসা ও শান্তির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেছেন, আমরা ধ্বংস চাই না, শান্তি চাই। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যত। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।

বুধবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৪টার কিছু আগে নয়াপল্টনে বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, আমি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আমাদের বীর সন্তানদের। যারা মরণপণ সংগ্রামের মধ্য দিয়ে এই অসম্ভবকে সম্ভব করেছে। শত শত শহীদদের জানাই শ্রদ্ধা। এ বিজয় আমাদের নতুন সম্ভবনা নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।

তিনি বলেন, দীর্ঘদিন অসুস্থ থাকার পর আপনাদের সামনে কথা বলতে পারার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমার কারাবন্দি অবস্থায়, আপনারা আমার কারামুক্তির জন্য সংগ্রাম ও রোগমুক্তির জন্য দোয়া করেছেন। সেজন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ আন্দোলন সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি।

সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিনের নজিরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংস স্তুপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে এক সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যত। তরুণরা যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে মেধা, যোগ্যতা ও জ্ঞানভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার ও সাম্যের ভিত্তিতে নির্মাণ করতে হবে শোষণহীন সমৃদ্ধ বাংলাদেশ।

এর আগে দুপুর পৌনে তিনটায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন ও আশপাশের এলাকাজুড়ে নেতাকর্মীদের ঢল নেমেছে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হয়েছেন। তাদের হাতে জাতীয় পতাকা এবং বিভিন্ন নেতাকর্মীদের ব্যানার ফেস্টুন দেখা গেছে। স্লোগানে মুখরিত পুরো এলাকা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সমাবেশের শুরুতেই বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ