প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ৩:০৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপির নেতা-কর্মীরা মিছিল নিয়ে শেরে বাংলা নগরে সমবেত হন। এতে সমাধিস্থলে ব্যাপক জনসমাগম ঘটে।
পুষ্পস্তবক অর্পণের পর প্রয়াত রাষ্ট্রপতির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সাইফুল আলম নিরব, মহানগর বিএনপির উত্তরের আমিনুল হক ও দক্ষিণের তানভীর আহমেদ রবিনসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়সহ সারাদেশে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এর আগে রবিবার রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে দলের ছয় দিনের কর্মসূচি শুরু হয়।
আগামীকাল (২ সেপ্টেম্বর) রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা, ৩ সেপ্টেম্বর সারাদেশে উপজেলা ও পৌর পর্যায়ে আলোচনা সভা ও শোভাযাত্রা, ৪ সেপ্টেম্বর বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও ক্রীড়া অনুষ্ঠান এবং ৫ সেপ্টেম্বর ঢাকায় গোলটেবিল আলোচনা অনুষ্ঠানের আয়োজন থাকবে।
প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে বিএনপি বিশেষ পোস্টার প্রকাশ করেছে এবং জাতীয় দৈনিকগুলোতেও বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ