প্রতিহিংসা ও প্রতিশোধ কখনো শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫ ৯:০৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিহিংসা ও প্রতিশোধ কখনোই শান্তি বয়ে আনতে পারে না। দেশ আমাদের সবার। এ দেশে আমরা মর্যাদা ও শান্তির সঙ্গে নিরাপদে বসবাস করতে চাই। বিগত ১৫ বছর ধরে আমাদের ওপর বিভিন্নভাবে জুলুম-নির্যাতন চালানো হয়েছে, যার অবসান ঘটেছে গত ৫ আগস্ট। সেই রাতেই আমি আমার দলের সকল সহকর্মীকে আহ্বান জানিয়েছি আল্লাহর ওয়াস্তে কারও উপর প্রতিশোধ না নিতে। জাতিকেও একই কথা বলেছি।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে কুলাউড়া উপজেলা জামায়াতের আয়োজনে কেন্দ্র ঘোষিত দেশব্যাপী গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, “আপনারা নিশ্চয়ই স্মরণ রাখেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন, তাদের সরকারের পতন হলে অন্তত পাঁচ লক্ষ মানুষ হত্যা করা হবে। কিন্তু এমন কিছু ঘটেনি। কারণ আমরা প্রতিশোধের রাজনীতি করি না।”
তিনি আরও বলেন, “আমরা রাষ্ট্রের দায়িত্বে যাই বা না যাই, সবসময় আপনাদের পাশে থাকবো। যারা জোর করে ক্ষমতা নেয়, তারা অপমানিত হয় এবং রাষ্ট্রের সেবাও ঠিকভাবে করতে পারে না। ৫ আগস্টের পর জামায়াতের নেতাকর্মীরা সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিয়েছে এবং কোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত হয়নি।”
অমুসলিম জনগণের উদ্দেশে জামায়াত আমীর বলেন, “ভবিষ্যতে যদি কোনো জালেম আপনাদের ওপর জুলুম করে, আপনারা প্রতিবাদ ও প্রতিরোধ করবেন এবং আমাদের পাশে রাখবেন। আমরা চাই না কেউ জুলুমের শিকার হয়ে নিজ জন্মস্থান ছাড়তে বাধ্য হোক। অন্যায়ের শিকার হলে আইনের আশ্রয় নিন, নিজের হাতে আইন তুলে নেবেন না।”
তিনি জোর দিয়ে বলেন, “যদি কেউ অপরাধ করে, তার বিরুদ্ধে মামলা হবে এবং অভিযোগকারীকে অপরাধ প্রমাণ করতে হবে। অপরাধ প্রমাণ হলে সংবিধান অনুযায়ী শাস্তি হবে। কারও বিরুদ্ধে নিজের হাতে বিচার চালানোর অধিকার কারও নেই।”
কুলাউড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মুন্তাজিমের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলী।
অনুষ্ঠানে কুলাউড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অরুনাব দে, সাধারণ সম্পাদক আজয় দাশ, সদস্য অশোক ধর, কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য ও পূজা উদযাপন পরিষদ কুলাউড়া পৌরসভার আহবায়ক বিচিত্র দে-সহ আরও অনেকে বক্তব্য রাখেন।
জনতার আওয়াজ/আ আ