প্রতি জেলায় মা-শিশু হাসপাতাল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, মার্চ ১৯, ২০২৩ ৫:৩৮ অপরাহ্ণ

প্রতিটি জেলায় ৩০ থেকে ৫০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতাল করা হবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন। রবিবার (১৯ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানে (নিপসম) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের স্বাস্থ্যখাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। মাতৃ ও শিশু মৃত্যু রোধ করে বিশ্বের কাছে আমরা প্রশংসিত হয়েছি। এ সেবাকে আগামীতে আরও জোরদার করতে প্রতি জেলায় ৩০ থেকে ৫০ শয্যার মা ও শিশু হাসপাতাল করা হবে। আমাদের শিশুরাই দেশের ভবিষ্যৎ। যে জাতি ভবিষ্যতের কথা চিন্তা করে না, সে জাতি উন্নত হতে পারে না। তবে দেশে এখনও শিশুশ্রম বন্ধ হয়নি, বাল্যবিবাহ এখনও হচ্ছে। আমাদের সেদিকে এখন লক্ষ্য রাখতে হবে।
জাহিদ মালেক বলেন, বাংলাদেশ এখন পোলিও মুক্ত হয়েছে, টিটেনাস থেকেও মুক্ত হয়েছে। ইপিআইয়ের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার কারণেই এটি সম্ভব হয়েছে। আমরা শিশুদের জন্য আলাদা হাসপাতাল করেছি, বড় হাসপাতালগুলোতে আলাদা শিশু কর্নার করে দিয়েছি। অটিস্টিক শিশুদের জন্য আলাদা স্কুলের ব্যবস্থা করা হয়েছে, যাতে তারা শিক্ষা ও অধিকার পায়।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা মানুষের জন্য রাজনীতি করেন। তিনি ক্ষমতায় থাকলেই দেশের পরিস্থিতি ভালো থাকে। আমরা রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে দিতে পারি না। নিয়মের অধীনেই আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না।
এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ