প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে অনুশীলনে হামজা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মার্চ ১৯, ২০২৫ ১০:০৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরি। বাংলাদেশের ফুটবল প্রেমীদের অনেক আগে থেকেই স্বপ্ন তাকে দেশের জার্সি গায়ে মাঠে দেখার জন্য। সেই স্বপ্ন হয়তো পূরণ হতে যাচ্ছে ২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে। সেই ম্যাচকে সামনে রেখে আজ (১৯ মার্চ) প্রথমবারের মতো দলের সঙ্গে কিংস অ্যারেনায় অনুশীলন করেছেন হামজা।
কিংস অ্যারেনাতে কৃত্রিম আলোতে জামাল-তপুদের সঙ্গে হাস্যোজ্জ্বল দেখা গেছে ২৭ বছর বয়সী ফুটবলারকে। মাঝে মধ্যে সতীর্থদের সঙ্গে খুনসুটিও করেছেন। শুরুর ১৫ মিনিটে নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া ছাড়াও ঘাম ঝরাতে দেখা গেছে।
হামজার প্রথম অনুশীলন সেশন উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় বেশ সচেষ্ট ছিল। বাফুফে অধিভুক্ত ফুটবল ক্লাব ও বিভিন্ন সংস্থাকে হামজার অনুশীলন দেখার জন্য আমন্ত্রিত টিকিট দিয়েছিল। সেই টিকিটে অনেকে এসেছেন। তবে পুরো অনুশীলন সময় মিডিয়াকে দেখতে দেননি হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। মিডিয়া থাকাবস্থায় প্রথম মিনিট পনেরোতে শুধু সাধারণ রানিং ও বল পাসিং করতে দেখা গেছে।
মিডিয়া সেশনের পরেই মূলত কোচ আসল গেম প্ল্যানে যাবেন। পজিশন ভিত্তিক ব্লকিং, কম্বিনেশন নিয়ে বিস্তারিত কাজ করবেন। দুই সপ্তাহের বেশি সময় অনুশীলন চলছে। হামজা আজ প্রথম যোগ দেয়ায় এখন মূলত তাকে ঘিরেই দলীয় পরিকল্পনা বাস্তবায়ন ও সমন্বয়ের কাজ করবেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা।
সৌদি আরব থেকে ঢাকায় এসে একদিনের অনুশীলন শেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগামীকাল (২০ মার্চ) সকালে কলকাতা হয়ে শিলং যাবে। সেখানে আরও কয়েকটি সেশন হবে। কাবরেরা শেষ পর্যন্ত হামজাকে দেখে সিদ্ধান্ত নেবেন তাকে একাদশে রাখবেন কিনা।
জনতার আওয়াজ/আ আ