প্রথম অধিবেশনে এ পর্যন্ত ৮৭ বিল পাস - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:১১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রথম অধিবেশনে এ পর্যন্ত ৮৭ বিল পাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে আইন প্রণয়ন কার্যক্রমে উল্লেখযোগ্য গতি দেখা গেছে। অধিবেশন শুরুর পর থেকে এ পর্যন্ত মোট ৮৭টি বিল পাস হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) স্পিকার ও ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনেও একাধিক গুরুত্বপূর্ণ বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।

পাস হওয়া বিলগুলোর মধ্যে জনগুরুত্বপূর্ণ ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, বিভিন্ন খাতের সংস্কারমূলক আইন এবং বাতিল হওয়া পুরোনো আইন যুগোপযোগী করে পুনঃপ্রণয়নের উদ্যোগ রয়েছে। বিশেষ করে আর্থিক খাত, প্রশাসনিক কাঠামো ও জননিরাপত্তা সংশ্লিষ্ট বিলগুলোর ওপর সরকার অগ্রাধিকার দিয়েছে।

অধিবেশনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের ‘নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’, ‘কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ এবং ‘রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করেন। পরে এসব বিল সর্বসম্মতিক্রমে পাস হয়।

সংস্কৃতি বিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদিত হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ‘বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করেন, যা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এছাড়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’, ‘এক্সাইজেস অ্যান্ড সল্ট বিল, ২০২৬’ এবং ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) বিল, ২০২৬’ পাসের প্রস্তাব উত্থাপন করলে তা সংসদে অনুমোদিত হয়।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রের প্রশাসনিক ও আইনি কাঠামো আরও শক্তিশালী করতেই দ্রুততার সঙ্গে যাচাই-বাছাই শেষে এসব বিল সংসদে উত্থাপন ও পাস করা হচ্ছে।

সংশ্লিষ্ট মন্ত্রী ও সংসদ সদস্যরা আশা প্রকাশ করেছেন, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে পাস হওয়া এসব আইন দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা, প্রশাসনিক সংস্কার ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ