প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি এখন বৈশ্বিক ধনীদের তালিকায়: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১০, ২০২৪ ৬:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ ব্যক্তি পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় আগে ছিল আঞ্চলিক এখন হয়েছে বৈশ্বিক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এদেশের মানুষকে স্বচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘আজকে একটি বক্তব্য কিছুক্ষণ আগে দেখলাম বক্তব্যটি প্রধানমন্ত্রীর। উনি বলেছেন এদেশের মানুষকে স্বচ্ছল করার জন্য আমি কাজ করে যাচ্ছি। এই বক্তব্যটা প্রধানমন্ত্রী গোপালগঞ্জে রেখেছেন। আমার কথা হল প্রধানমন্ত্রী যে কথাটি বলেছেন তার সাথে তো বাস্তবের কোন মিল দেখছি না, বাস্তবে কোন মিল নেই তার কথার সাথে। আপনি স্বচ্ছল করতে চাচ্ছেন তো অন্য কাউকে। আজকেই দেখেছি প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একজন ব্যক্তি তিনি পৃথিবীর ধনীদের তালিকায় একজন হয়েছে। ফক্স বলে একটি পত্রিকা আছে যেখানে ধনীদের তালিকা করে সেই তালিকায় তার নাম চলে এসেছে। এর আগে তার নাম ছিল ধনীদের তালিকায় সিঙ্গাপুরে। আগে ছিল আঞ্চলিক এখন এটি হয়ে গেছে গ্লোবাল (বৈশ্বিক) হয়েছে।
শুক্রবার (১০ মে) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি কাদেরকে স্বচ্ছল করার কথা বলছেন? ভারতের আদানি গ্রুপের আদানি বাংলাদেশে বিদ্যুৎ বিক্রি করে দশ হাজার কোটি টাকা লাভ করেছে।আর আমাদের দেশের এই গরীব মানুষেরা বিদ্যুতের দাম দিচ্ছে দুইটি ফ্যান চললে তাকে দশ হাজার টাকা পর্যন্ত বিল দিতে হচ্ছে। যদি একজন মানুষের বাসায় একটি এসি থাকে তাহলে তার বিদ্যুৎ বিল আসে ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত এই টাকা নিয়ে যাচ্ছে ভারতের ঐ আদানি গ্রুপ। তাহলে আপনি স্বচ্ছল করছেন তো ভারতের ব্যবসায়ীদেরকে আপনার ঘনিষ্ঠ লোকদেরকে।
বাংলাদেশের মানুষকে আপনি স্বচ্ছল করছেন কোথায় প্রধানমন্ত্রীর কাছে এমন প্রশ্ন রেখে বিএনপির এই নেতা বলেন,’আমরা দেখতে পাচ্ছি ক্যাসিনো খুলছে আপনার যুবলীগের নেতারা ঢাকা শহরে ৪৫ থেকে ৫০ টি ক্যাসিনো খোলা হয়েছে আবার আজকে দেখছি অনলাইন জুয়াতেই হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে বিদেশে এরাও ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ।এটা পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংস্থা যারা ফিনান্সিয়াল ইনভেস্টিগেশন করেন তাদের বক্তব্য। আপনিতো স্বচ্ছল করছেন জুয়াড়িদেরকে আপনি স্বচ্ছল করছেন ছাত্রলীগ, যুবলীগকে আপনার জেলার এক ছাত্রলীগ নেতা ২ হাজার কোটি টাকা পাচার করে। এই হচ্ছে আপনার স্বচ্ছলতার নিদর্শন।
ডলারের দাম বৃদ্ধির সমালোচনা করে রিজভী বলেন, ‘একদিনে ডলারের দাম ৭ টাকা বাড়িয়ে দেয়া হয়েছে। এক ডলারের দাম এখন ১১৭ টাকা কয়েকদিন আগেই ছিল ১১০ টাকা এক ঘন্টায় ১১৭ টাকা করা হলো এইটা নাকি অর্থনৈতিক ভারসাম্যের জন্য করা হয়েছে কিন্তু আমদানি করতে যে প্রচুর টাকা চলে যাবে আমদানি বলতে তো শুধু শিল্পের যন্ত্রপাতি নয় আমাদেরকে আদা আমদানি করতে হয়, রসুন আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয় এই আমদানি করতে ডলার লাগে। আপনি গরিব মানুষকে আরো গরীব করছেন তাদেরকে পদদলিত করছেন।
উপজেলা নির্বাচনের প্রসঙ্গ টেনে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, ‘দেশে আরেকটি ডামি নির্বাচন হচ্ছে এই নির্বাচন নিয়ে আমাদের কথা বলার নাই আমরা এটা বর্জন করেছি এটা একটা ফালতু নির্বাচন যেখানে জনগণ কেউ যায়নি। বিএনপি নির্বাচন বর্জন করেছে জনগণ স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন। আমি আজকের এই সমাবেশ থেকে এদেশের কোটি কোটি মানুষকে আন্তরিক ধন্যবাদ জানাই বিএনপি’র পক্ষ থেকে তারা আরো একটি পাতানো নির্বাচন জালিয়াতির নির্বাচন বর্জন করেছে।
তিনি বলেন, ‘ডামি নির্বাচনে জনগণ অংশগ্রহণ করেনি তারপরও প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ। তিনি প্রথমে বললেন ৩৫থেকে ৩৬ পার্সেন্ট ভোট পড়েছে আবার একদিন পরে বললেন ধান কাটার জন্য ভোট কম পড়েছে। আমাদের প্রধান নির্বাচন কমিশনার উনি মাঝে মাঝে একটু সত্য কথা বলার চেষ্টা করেন কি কারনে জানিনা সেটা কি জনগণের ভয় নাকি অন্য কোন কারনে। এই ধরনের জালিয়াতি শেখ হাসিনা দেশে শুরু করেছেন এইটা দেশের জনগণ কখনো মানে নাই মানবে না এটা চলতে পারে না এই দুঃশাসন এই নির্মমতা চলতে পারে না। এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূইয়া, হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আব্দুস সালাম আজাদ, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়েদুল আলম বাবুল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ