প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে হেফাজত নেতাদের মুক্তি দাবি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, ডিসেম্বর ১৮, ২০২২ ১২:৩৩ পূর্বাহ্ণ

হেফাজত ইসলামের শীর্ষ কারাবন্দি নেতাদের মুক্তিসহ সাত দফা দাবি উত্থাপন করেছে দলটির নেতাকর্মীরা।
শনিবার (১৭ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হেফাজত ইসলামের নেতারা সাক্ষাৎ করে এ দাবি করেন। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাঁর সঙ্গে দেখা করেন হেফাজত নেতারা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও একটি গোয়েন্দা সংস্থার প্রধান উপস্থিত ছিলেন।
হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মীর ইদরীদ নদভী গণমাধ্যমে বলেন, হেফাজতে আমিরের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে একটি চিঠি দেওয়ার জন্য সময় চাওয়া হয়েছিল। আজ আমরা সময় পেয়েছি। আসরের নামাজের পর এক ঘণ্টার বেশি সময় ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের খুব ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি আমাদের দাবিগুলো খুব গুরুত্ব-সহকারে নিয়েছেন।
এছাড়া হেফাজতের কারাবন্দি নেতাদের মুক্তি, পাবলিক পরীক্ষায় ধর্মীয় বিষয় আবশ্যকসহ সাত দফা দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলে উল্লেখ করেন নদভী।
উল্লেখ্য, নেতাদের মুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী কী বলেছেন- জানতে চাইলে নদভী বলেন, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি দেখভালের দায়িত্ব দিয়েছেন। অন্য দাবিগুলোর বিষয়ে গোয়েন্দা সংস্থার প্রধানকে দেখতে বলেছেন বলেও জানান তিনি ।
জনতার আওয়াজ/আ আ