প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের দ্বিতীয় বৈঠক চলছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বর্তমান সরকারের দ্বিতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক শুরু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) সকালে সচিবালয়ে এই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেকের সভাপতি তারেক রহমান।
পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বৈঠকে মোট ১৭টি প্রকল্প উপস্থাপনের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা।
উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগ থেকে রয়েছে চারটি প্রকল্প। এছাড়া কৃষি-পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ থেকে দুটি এবং ভৌত অবকাঠামো বিভাগ থেকে ১১টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর পাশাপাশি একনেকের অবগতির জন্য পরিকল্পনা মন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত আরও ৩৩টি প্রকল্পও উপস্থাপন করা হবে।
এর আগে ৬ এপ্রিল অনুষ্ঠিত বর্তমান সরকারের প্রথম একনেক বৈঠকে ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ছয়টি প্রকল্প অনুমোদন পেয়েছিল।
সেদিনের বৈঠকে মোট ১৯টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও সময় স্বল্পতার কারণে ৮টি প্রকল্প নিয়ে আলোচনা শেষে সভা স্থগিত করা হয়। আলোচিত ওই ৮টি প্রকল্পের মধ্যে ৬টি অনুমোদন দেওয়া হয় এবং বাকি দুটি প্রকল্প পরবর্তী পর্যালোচনার জন্য রাখা হয়। অবশিষ্ট প্রকল্পগুলো নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
দীর্ঘদিন ধরে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা আয়োজনের প্রচলন থাকলেও এবার সেই ধারায় পরিবর্তন এসেছে। সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ভেন্যু পরিবর্তনের নির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে জানানো না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচি এবং সচিবালয়কেন্দ্রিক কার্যক্রম পরিচালনার সুবিধার কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনতার আওয়াজ/আ আ