প্রধানমন্ত্রীর হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি: তথ্যমন্ত্রী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধানমন্ত্রীর হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ৯, ২০২২ ১১:৪১ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, এ দেশে অনেকেই ক্ষমতায় ছিল, কেউ কিন্তু পাসপোর্টে কিংবা সরকারি ফর্মে তৃতীয় লিঙ্গ লেখার সুযোগ করে দেয়নি। বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি এসেছে। তৃতীয় লিঙ্গের মানুষের মা হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠি ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ঈদুল আযহা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলের জন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর উপর লেখা বই হস্তান্তর এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জন্য ঔষধ হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

হাছান মাহমুদ বলেন, পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে অন্যান্য বারের তুলনায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে। এটি আমার কথা নয়, মানুষের বক্তব্য। অথচ অনলাইনে দেখলাম বিএনপি নেতারা বক্তব্য রাখছেন, মানুষের ঈদ যাত্রায় দুর্ভোগ হচ্ছে। আসলে মানুষ ভালো আছে বিধায় তাদের মনটা খারাপ। পবিত্র ঈদুল আযহা হচ্ছে ত্যাগ এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব স্থাপনের শিক্ষা দেয়। আমি আশা করবো ঈদকে সামনে রেখে তারা দেশে মিথ্যাচার ও জনগণকে বিভ্রান্ত করার রাজনীতিটা বন্ধ করবেন।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের সব জনগোষ্ঠির উন্নয়নে বিশ্বাস করে। গত সাড়ে ১৩ বছর সময়ের মধ্যে অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠির যে উন্নয়ন হয়েছে সেটি বাংলাদেশে আগে কখনও হয়নি। উন্নত ও উন্নয়নশীল দেশেও এভাবে প্রান্তিক জনগোষ্ঠির কথা ভেবে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়নি।

মন্ত্রী বলেন, তৃতীয় লিঙ্গের মানুষের কোনো স্বীকৃতি ছিল না। জননেত্রী শেখ হাসিনার হাত ধরেই তৃতীয় লিঙ্গের মানুষের স্বীকৃতি এসেছে। তাদের জন্য কোনো কোনো ক্ষেত্রে চাকরিতে বিশেষ কোটা রাখা হয়েছে। এসব মানুষের জন্য নানাভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে। তৃতীয় লিঙ্গ নামে যে একটা লিঙ্গ আছে এ স্বীকৃতি আগে কেউ দেয়নি। অনেক ক্ষেত্রে যেই মানুষদের পরিবার অস্বীকার করে সেই মানুষের কথা ভেবেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আজ থেকে তের-চৌদ্দ বছর আগের কথা ভাবুন, শুধু তৃতীয় লিঙ্গ নয়, যাদের অটিস্টিক শিশু আছে তাদের মা-বাবা শিশুদের লুকিয়ে রাখতো। আর এখন যার অটিস্টিক শিশু আছে তিনি নিজ থেকে প্রকাশ করেন। আমাদের দেশের অটিস্টিক কিশোর-যুবকরা আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অংশগ্রহণ করে পদক নিয়ে এসেছে। শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের কারণে এটি সম্ভব হয়েছে। অর্থাৎ যেই শিশুদের মা-বাবা তাদের শিশুদের লুকিয়ে রাখতো সেই শিশুদের কথাও ভেবেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ