প্রধানমন্ত্রী ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন: পলক
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ৭, ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী এডভোকেট জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, আমি আপনাদের কাছে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাই, যিনি উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও ব্যাপকহারে ইসলামী সংস্কৃতি চর্চার সুযোগ করে দিয়েছেন।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের আয়োজনে ২০২৪ ইং সনে সিংড়া উপজেলা থেকে হজ্ব গমন ইচ্ছুক হাজী সাহেবদের সাথে মতবিনিময় ও উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ঈমান, নামায, রোযা, হজ্ব ও যাকাত; ইসলামের এই ৫টি স্তম্ভের মধ্যে অন্যতম হচ্ছে হজ্ব। অন্যান্য স্তম্ভগুলো পালনের জন্য কখনো আমাদের মানসিক, শারীরিক বা আর্থিক সক্ষমতার প্রয়োজন হয়। কিন্তু পবিত্র হজ্ব পালনের জন্য আমাদের মানসিক, শারীরিক ও আর্থিক সক্ষমতার সমন্বয়ের প্রয়োজন হয়। তাই আমরা মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, তিনি আপনাদেরকে পবিত্র হজ্ব পালনের জন্য সক্ষমতা দিয়েছেন ও সুযোগ করে দিয়েছেন।
পলক আরও বলেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই, আপনারা বিশ্বাস ও আস্থা রেখে আমাকে পরপর ৪ বার আপনাদের প্রতিনিধি নির্বাচন করে মহান জাতীয় সংসদে পাঠিয়েছেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। আমরা মহান স্রষ্টার কাছে আপনাদের জন্য দোয়া করি, আপনারা যেন খুব সহজে ও সুস্থ শরীরে পবিত্র হজ্বের সকল কাজ সম্পন্ন করে আবার আমাদের মাঝে ফেরত আসতে পারেন।
সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো. মকবুল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মহসিন আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিংড়া উপজেলা আ.লীগের সভাপতি এড. ওহিদুর রহমান শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, সিংড়া আরাফাতি হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত। এতে দোয়া পরিচালনা করেন সিংড়া কেন্দ্রীয় মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আলী আকবর।
জনতার আওয়াজ/আ আ