প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ ৪:১৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব একই বিমানে কক্সবাজার ভ্রমণ করবেন। কক্সবাজার বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানাবেন দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
সফরকালে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর ও খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে উপদেষ্টা মুহাম্মদ ইউনূস উখিয়ায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং প্রায় এক লক্ষ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।
জাতিসংঘ মহাসচিব গুতেরেস বিমান বন্দর থেকে সরাসরি উখিয়ায় যাবেন। সেখানে তিনি রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন করবেন।
পরিদর্শন ও ইফতার শেষে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব একসাথে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে।
জনতার আওয়াজ/আ আ