প্রধান উপদেষ্টা যা-ই চান, তার একটা রোডম্যাপ দিন: জামায়াত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রধান উপদেষ্টা যা-ই চান, তার একটা রোডম্যাপ দিন: জামায়াত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জুন ৩, ২০২৫ ৩:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন। আমরা তাকে বলেছি, মে-জুন বর্ষা। এর মধ্যেই রোজা ও পরীক্ষা আছে। তাই নির্বাচনের ডেটলাইন ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে হলে বিতর্ক থাকবে না। তবে প্রধান উপদেষ্টা যা-ই করতে চান, একটি রোডম্যাপ করে দিন, আমরা এটা চাই। তাহলে মানুষের মধ্যে আর শঙ্কা থাকবে না।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় ঐকমত্য কমিশনের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডা. তাহের বলেন, বৈঠকে কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে। আমরা বলেছি—জুলাইয়ের মধ্যে সংস্কার করতে হবে। তারপর জুলাই সনদে সই করবে সব দল। রাজনৈতিক দলগুলো সরকারের প্রতি আস্থার কথা বলেছে। তার (ড. মুহাম্মদ ইউনূস) নেতৃত্বেই জাতীয় নির্বাচন হবে।

তিনি বলেন, দেশের বাইরে এক কোটি ১০ লাখ প্রবাসীকে ভোটাধিকারের বিষয়ে কমিশনের কোনো কর্মযজ্ঞ দৃশ্যমান নেই। আমরা এ বিষয়ে অগ্রগতির কথা বলেছি। আমরা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড চাই। নির্বাচন স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে হবে। প্রশাসনকে স্বচ্ছতায় নিয়ে আসতে হবে। ভোট উৎসবমুখর করতে হবে। নির্বাচনের আগেই পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই মানুষের মধ্যে অনিশ্চয়তা থাকবে না।

এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও দুটি জোটের নেতারা অংশ নেন। প্রথমে বিভিন্ন দল ও দুটি জোটকে আমন্ত্রণ জানানো হলেও শেষপর্যায়ে জমিয়তে উলামায়ে বাংলাদেশ ও ইসলামী ঐক্যজোটকে আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস কাজল; জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ; এনসিপির প্রতিনিধিদলে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার; এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী; গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি; লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান; খেলাফত মজলিসের ড. আহমদ আব্দুল কাদের; বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক; গণঅধিকার পরিষদের নুরুল হক নুর; সিপিবির সাজেদুল হক রুবেল; বাসদের বজলুর রশিদ ফিরোজ; এবি পার্টির আসাদুজ্জামান ফুয়াদ; নাগরিক ঐক্যের সাকিব আনোয়ার প্রমুখ অংশ নিয়েছেন। এছাড়া ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন।

কমিশনের প্রথম দফার আলোচনা ২০ মার্চ শুরু হয়ে ১৯ মে শেষ হয়। প্রথম দফায় মোট ৩৩টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ৪৫টি অধিবেশন অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ