প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬ ১১:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
দেশের বিমানবন্দরগুলোতে প্রবাসী যাত্রীদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ এবং কার্যকর সেবা নিশ্চিত করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কঠোর নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে যাত্রীসেবায় যেকোনো ধরনের অনিয়ম রোধের জন্য ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের আহ্বান জানানো হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা) এবং প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতের পক্ষ থেকে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তারা এই নির্দেশনা দেন।

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল সরেজমিনে পরিদর্শন করেন এবং এর কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। এ সময় তারা দ্রুততম সময়ে টার্মিনালটি জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া, তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কার্গো ভিলেজ ও ইমপোর্ট কার্গো টার্মিনাল পরিদর্শন করে বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিমানবন্দরের লাউঞ্জে দায়িত্ব পালনরত কর্মচারীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী আফরোজা খানম বলেন, ‘‘বিদেশ থেকে আগত যাত্রীদের সেবার মান উন্নত করা এখন সময়ের দাবি। অনেক প্রবাসী বিমানবন্দরে এসে পদ্ধতিগত জটিলতায় ভোগান্তির শিকার হন। তাই আমাদের সেবার ধরন ও আচরণে ইতিবাচক পরিবর্তন আনা অত্যন্ত জরুরি।’’

মন্ত্রী আরও বলেন, ‘‘প্রবাসী ভাই-বোনেরা যেন কোনো কষ্ট না পান, তা নিশ্চিত করতে হবে। মনে রাখতে হবে, তাদের কষ্টার্জিত রেমিট্যান্সে দেশের অর্থনীতি সচল থাকে এবং সেই অর্থ থেকেই আমাদের বেতন দেওয়া হয়। তাই প্রবাসীদের প্রতি সর্বোচ্চ সম্মান ও আন্তরিকতা প্রদর্শন করা উচিত।’’ এছাড়া তিনি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকস্মিক পরিদর্শনের মাধ্যমে সেবার মান যাচাইয়ের হুঁশিয়ারিও দেন।

প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রবাসী কর্মীদের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে তাদের ‘স্যার’ সম্বোধন করার সংস্কৃতি গড়ে তোলা উচিত। তিনি বিমানবন্দরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মনিটরিং ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেন। পাশাপাশি সতর্ক করে বলেন, ভবিষ্যতে অগ্নিকাণ্ড বা নিরাপত্তাজনিত ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে এবং যাত্রীসেবায় জবাবদিহি নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ