প্রসঙ্গ : এহসান মাহমুদ : মারুফ কামাল খান - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

প্রসঙ্গ : এহসান মাহমুদ : মারুফ কামাল খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ১:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫ ১০:২৫ অপরাহ্ণ

এহসান মাহমুদ মারুফ কামাল খান
 

মানুষের ভাবনা বদলায়, চিন্তাও পরিবর্তনশীল। রাজনৈতিক দলগুলোও সময়ের বিবর্তনে তাদের রাজনীতির কৌশল ও সম্পর্কের সমীকরণ বদলায়। এগুলো কোনো চিরস্থায়ী বা স্থির বিষয় নয়।
মুসলিম লীগাররা আওয়ামী লীগ হয়েছে, আওয়ামী লীগাররা ন্যাপ হয়েছে, সিপিবি ও মস্কোপন্থী ন্যাপ আওয়ামী লীগের সাথে মিশে গিয়ে বাকশাল হয়েছে, আবার তারা নিজ নিজ আদলে ফিরেছে, ভাসানী ন্যাপ বিএনপি হয়েছে, আ.লীগ থেকে বেরিয়ে জাসদ হয়েছে, মোশতাক-রশিদ-ফারুক-ডালিমেরা কট্টর আওয়ামী অবস্থান থেকে সরে মুজিব ও বাকশাল-বিরোধী অভ্যুত্থান করেছেন, জাসদের নেতা মেজর জলিল প্রবল ইসলামিস্ট হয়েছিলেন, আওয়ামী শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব করা তোয়াহা-মতিন-আলাউদ্দিনরা পরে আওয়ামী জোটে শামিল হয়েছেন। এককালের কট্টর কমিউনিস্ট সাংবাদিক নেতা আনোয়ার জাহিদকে আমরা দক্ষিণপন্থী হতে দেখেছি।


উদাহরণ আর লম্বা করলাম না। মানুষ বদলাতে পারে। বদলাতে পারে তার চিন্তা ও রাজনৈতিক আনুগত্যও। শামস কিবরিয়ার মতো লোকের ছেলে রেজা কিবরিয়ার ভূমিকা দেখুন। কাজেই কারো অতীত ভূমিকা ও মতামতকে স্থায়ী বলে ধরে না নেওয়াই ভালো।
সাংবাদিক এহসান মাহমুদ এক সময় হয়তো আওয়ামী বা জাসদের ভাবনায় আচ্ছন্ন ছিল। কিন্তু পরে কি তার মত বদলাতে পারে না? আওয়ামী শাসনামলে এবং বিএনপির ঘোর দুঃসময়েই তো এহসান তার মত বদলেছে। বিএনপির পক্ষে প্রকাশ্য ও গোপন নানা রকম ভূমিকা পালন করেছে। ঝুঁকিও নিয়েছে। আজ বিপদ কেটে যাবার পর কেন তাকে অপমান করতে হবে? কেন মঞ্চ থেকে নামিয়ে দিতে হবে?
বিএনপির নেতৃত্ব কি না বুঝে শুনে তাকে মঞ্চে তুলেছে এবং সমাবেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে? বিএনপির চেয়ে বড় বিএনপি সেজে অপছন্দের লোকদের ঈমানের পরীক্ষা নেয়ার দায়িত্ব তাদেরকে কে দিয়েছে? ঝুঁকিমুক্ত সময়ে কিছু লোক নিজেকে সেরা বিএনপির দাবিদার সাজিয়ে বাকি সকলের জন্য বিএনপির কপাট বন্ধ করে দিতে চাইছে। এদের মতলব ভালো না। এভাবে বিএনপিকে শক্তিশালী করা যাবেনা।
বিএনপির মতো বড়ো দলে প্রতিযোগিতা আছে। সে প্রতিযোগিতা সব সময় সুস্থ পথ ধরে চলে না। আমার জানা মতে, এহসান তার নিজের মেধার গুণেই বিএনপিতে তরতর করে এগিয়ে যাচ্ছিল। প্রতিযোগীরা তাকে আটকাতে তার পুরনো মতামত ও সম্পর্কগুলো সামনে আনতে সচেষ্ট ছিল। অনেকেই তাদের ক্রীড়নক হিসেবে ব্যবহার হয়েছে। এভাবে মানুষকে অপমান করা ঠিক নয়। এতে দিনশেষে কেউ লাভবান হয় না।
মারুফ কামাল খান সাংবাদিক ও লেখক; বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেসসচিব

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ