ফতুল্লায় নাতনীকে নির্যাতন থেকে রক্ষা করতে গিয়ে বৃদ্ধার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, এপ্রিল ৩০, ২০২৩ ৮:২৭ অপরাহ্ণ

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের ফতুল্লায় শ্বশুড় বাড়ীর লোকজনের নির্যাতনের হাত থেকে নাতনীকে রক্ষা করতে গিয়ে কাঞ্চন বিবি (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) দুপুরে ফতুল্লার উত্তর ইসদাইর এলাকায় হাসেম মিয়ার ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে। নিহত কাঞ্চন বিবি জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চর পোকাড়ঢাল গ্রামের লাল মিয়ার স্ত্রী।
নিহতের মেয়ে সালমা বেগম জানান, তার মেয়ে বৃষ্টিকে (২২) কুমিল্লার মুরাদনগর এলাকার শাহীন মিয়ার ছেলে ইব্রাহীম (২৮) দুই বছর আগে বিয়ে করেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাধ লেগেই রয়েছে।
রোববার দুপুর ১২টার সময় ইব্রাহীম ঘর ভাড়া না দিয়ে ৬ মাসের সন্তানসহ বৃষ্টিকে হাসেম মিয়ার ভাড়াটিয়া বাসায় রেখে কাপড় চোপড় নিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়।
এরপর ইব্রাহীমের মা বাবা ও তিন খালা এসে বৃস্টিকে মারধর করার চেষ্টা করলে বৃষ্টির নানী কাঞ্চন বিবিসহ পরিবারের অন্যান্য লোকজন এগিয়ে এসে প্রতিবাদ করেন।
এসময় দুপক্ষের মধ্যে মারধরের ঘটনা ঘটে। তখন কাঞ্চন বিবি অজ্ঞান হয়ে পড়লে তাকে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক কাঞ্চন বিবিকে মৃতঘোষনা করেন।
ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ রিজাউল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে পরে বিস্তারিত জানানো হবে।
জনতার আওয়াজ/আ আ