ফিফার র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়া সাফল্য বাংলাদেশ নারী দলের
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ৩:৩০ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক
ফাইল ছবি
উড়ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার পর এবার ফিফা র্যাঙ্কিংয়েও রেকর্ড উন্নতি করেছে বাঘিনীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত ফিফার হালনাগাদ র্যাঙ্কিংয়ে বাংলাদেশ উঠে এসেছে ১০৪তম স্থানে। এটিই দেশের নারী ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান। আগের তালিকার চেয়ে বাংলাদেশ নারী দল এবার উন্নতি করেছে ২৪ ধাপ, যা এই র্যাঙ্কিংয়ে সর্বোচ্চ। তাই ফিফা তার আনুষ্ঠানিক ঘোষণায় বাংলাদেশের এই নজিরবিহীন উন্নতির কথা বিশেষভাবে উল্লেখ করেছে।
এই উন্নতির পেছনে রয়েছে মাঠের চমকপ্রদ পারফরম্যান্স। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে জর্ডানে গিয়ে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ নারী দল। যেখানে প্রতিপক্ষ ছিল র্যাঙ্কিংয়ে ৩০ থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার মতো দল। দুটি দলকেই হারাতে না পারলেও রুখে দিয়েছে ভালোভাবে।
এরপর মূল বাছাইপর্বে আসে সবচেয়ে বড় জয়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা আয়োজক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। এছাড়া বাহরাইনের মতো প্রতিপক্ষের বিপক্ষেও লড়াকু ফুটবল খেলেছে তারা। সব মিলিয়ে চারটি কঠিন ম্যাচে দুটো জয় ও দুটি ড্র এনে দেয় মূল্যবান পয়েন্ট।
এশিয়ান কাপ নিশ্চিত করায় বাংলাদেশের সামনে ২০২৭ নারী বিশ্বকাপে খেলার সুযোগও হাতছানি দিচ্ছে। এই প্রতিযোগিতার মধ্য দিয়েই আসবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার লড়াই।
ঋতুপর্ণা, আফিদা, তহুরাদের এই এগিয়ে চলা বাংলাদেশের নারী ক্রীড়াঙ্গনের জন্য আশাব্যঞ্জক বার্তা বহন করে। মাঠের পারফরম্যান্সের প্রতিদান এবার মিলছে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে।
জনতার আওয়াজ/আ আ