ফিলিস্তিন রক্ষায় মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানালেন দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফিলিস্তিন রক্ষায় মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানালেন দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ৮, ২০২৫ ১:৫০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ফিলিস্তিন রক্ষায় সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, বাঙালি জাতি, মুসলিম জাতি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। কিন্তু যাদের রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রত্যাশা করি, তারা কার্যকর ভূমিকা না নিয়ে নিরবতা ভূমিকা পালন করছে৷ আমার মনে হয় এটা পরিহার করে সারা বিশ্বের সঙ্গে এই মানবতার স্বপক্ষে আমাদের দাঁড়াতে হবে। এই মানবতার রক্ষা যদি আমরা না করতে পারি, তাহলে হযরত মোহাম্মদ (স:) এর প্রতি আমাদের যে শ্রদ্ধা এবং ভালোবাসা সেটাও প্রশ্নের মধ্যে পড়ে যাবে।

মঙ্গলবার (৮ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, জাতিসংঘের মানবতা সনদের স্বাক্ষরকারী হিসেবে রয়েছে বাংলাদেশ। যে কোন মানবতা বিরোধী দেশ, জাতি, গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান থাকবে। আমরা সশস্ত্র সংগ্রাম এবং লড়াই করে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা আমাদের মাতৃভূমি পেয়েছি। ৭১ সালের আমাদের বিরুদ্ধে গণহত্যা করেছিল পাকিস্তান। আমাদের বিরুদ্ধে তারা নির্মম নির্যাতন করেছিল। গণহত্যা কি সেটা বাঙালি জাতি জানে। গণহত্যা কত নির্মম, ভয়ংকর সেটা জাতি ও দেশ হিসেবে আমরা জানি।

তিনি বলেন, এমনকি ২৪ এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, তৎকালীন গায়ের জোরে প্রধানমন্ত্রী দাবিদার শেখ হাসিনা কিভাবে মানবতা বিরোধী ভূমিকা নিয়েছিলেন। একটা পর্যায়ে ছাত্র-জনতার রক্ত যখন রাজপথে রঞ্জিত হয়েছে, তখন সে পালাতে বাধ্য হয়েছে। সে কারণে যেকোন দেশের গণহত্যা বিরোধী ভূমিকায় বাঙালি জাতি, বাংলাদেশীরা তীব্র প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যখন ইহুদীদের নিশ্চিহ্ন করার উদ্যোগ গ্রহণ করেছিল, তখন বিশ্বের মানুষ কিন্তু সেই ইহুদি হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। তখন মানবতার প্রশ্নে বিরোধিতা করা হয়েছে। এমনকি মুসলমানরাও তখন হিটলারের সেই হত্যাকাণ্ডের বিরোধিতা করেছিল। সেই ইহুদীরা অন্য কোনো জাতির বিরুদ্ধে এমন নিশংস হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, যে জায়গা এখন ইজরাইল রাষ্ট্র হিসেবে পরিচিত, সেটিও ফিলিস্তিনিদের ভূমি ছিল। ইউরোপ-আমেরিকায় সময় তাদেরকে (ইহুদি) এখানে (ইজরাইল) জায়গা দেওয়ার জন্য অনুরোধ করেছিল। কিন্তু দখলদাররা (ইহুদি) যে পুরো ভূমি দখলে নিবে, সেটা ঐসময় কেউ প্রত্যাশা করেনি। ফিলিস্তিনে ছোট ছোট শিশু, নারী এবং সাধারণ মানুষের যে ভয়ংকর পরিণতি, সেটা কোনোভাবেই কেউ মানতে পারে না।

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, গতকাল সারাবিশ্ব ইজরায়েলের প্রতি ঘৃণা প্রকাশ করেছে। মানবতার বিরুদ্ধে বাংলাদেশও ঘৃণা প্রকাশ করেছে। আমাদের দেশের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মধ্যেও কিছু দুষ্কৃতিকারী, কিছু ব্যবসা প্রতিষ্ঠানের তথাকথিত অভিযোগের নামে আক্রমণ এবং লুটপাট করেছে। এটা ঘৃণ্য ব্যাপার। এটা সমর্থনযোগ্য নয়। যারা এটা করেছে, তারা মানবতার কলঙ্ক। জাতিগতভাবে আমাদের যে গৌরব, আমাদের অহংকার করার মতো যে মুক্তিযুদ্ধ, মানবতার স্বপক্ষে যে প্রতিবাদ, সেটাকে তারা কলঙ্কিত করেছে। আগামীতে এই লুটপাটকারী, দখলদারদের বিরুদ্ধে আমাদের সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফিলিস্তিনির পক্ষে ছিলেন। ফিলিস্তিনি কে সমর্থন দিয়েছেন। বিএনপি আগেও ফিলিস্তিনি কে সমর্থন দিয়েছে এখনো দেই।

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন এর সভাপতিত্বে নাগরিক সমাবেশ আরও বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, সাবেক এমপি শামীম কায়সার লিংকন, মুক্তিযোদ্ধা দলের সাংগঠনিক সম্পাদক লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকন সহ প্রমখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ