ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে গণহত্যার বিচার ও সংস্কার চায় এনসিপি: আখতার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, আগস্ট ৬, ২০২৫ ৭:৩৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ
ছবি: সংগৃহীত
ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে গণহত্যার দৃশ্যমান বিচার এবং সংস্কার চায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলটির সদস্য সচিব আখতার হোসেন।
আখতার বলেন, টেলিভিশন ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন, এতে আমাদের আপত্তি নেই। তবে এর আগে আমরা গণহত্যার বিচার দৃশ্যমান বিচার এবং সংস্কার চাই। একইসঙ্গে এর মধ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র পাঠকে এনসিপি স্বাগত জানিয়েছে। কারণ, এটি আমাদের দাবিও ছিল। তবে এরমধ্যে কিছু বিষয় সংযুক্ত করা হয়নি। আরও গ্রহণযোগ্য করতে খসড়ায় আমরা কিছু বিষয়ে সরকারের কাছে আবেদন করেছিলাম। সেগুলো অন্তর্ভুক্ত করা হয়নি।
তিনি আরও বলেন, ঘোষণাপত্রে উপনিবেশবিরোধী লড়াইয়ের কথা বলা হলেও উপনিবেশবিরোধী লড়াই ৪৭-কে উল্লেখ করা হয়নি। ৪৭, ৭১ এবং ২৪ এর আন্দোলনের সমন্বিত স্বীকৃতি থাকলে ঘোষণাপত্র আরও সমৃদ্ধ হতো।
বিশেষ করে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, বিচারিক হত্যাকাণ্ড, আগ্রাসনবিরোধী আন্দোলন, মোদিবিরোধী আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন ও আবরার ফাহাদ হত্যার পরবর্তী আন্দোলন ঘোষণাপত্রে উল্লেখ থাকলে আরও সর্বজনীন হতো।
এছাড়া ২০১৮ সালের কোটা সংস্কার ও ভ্যাট কমানোর আন্দোলনের মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সুনির্দিষ্ট উল্লেখ করা উচিত ছিল বলে তিনি মনে করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব ও যুগ্ম মুখ জাবেদ রাসিনসহ কেন্দ্রীয় নেতারা।
জনতার আওয়াজ/আ আ