ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন: মঈন খান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫ ১২:২২ পূর্বাহ্ণ

সিলেট অফিস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা বিএনপির বিজয় অর্জন। শুধু নির্বাচনের ঘোষণা নয়, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বিএনপি। সেই সঙ্গে নির্বাচনের জন্য সব ধরণের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
বুধবার (৬ আগস্ট) সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে’ সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে বিজয় র্যালি শুরুর আগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, নির্বাচন নিয়ে সরকার তাদের কাজ করছে। এখন আমাদের কাজ আমাদের করতে হবে। দেশের প্রতিটি গ্রামে-গঞ্জে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে।
এসময় তিনি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি বলেন, শহীদ ও আহতদের পরিবার পুনর্বাসনের বিষয়ে রাষ্ট্র যথাযথ দায়িত্ব পালন করবে। জুলাইয়ের গণঅভ্যুত্থান ছিল একদলীয় শাসনের বিরুদ্ধে জনগণের একটি সুস্পষ্ট বার্তা। সেই ইতিহাস আজ আমাদের নতুন প্রেরণা জোগায়—গণতন্ত্র পুনরুদ্ধারের চলমান লড়াইয়ে। দলের অসংখ্য নেতাকর্মী নির্ভীকভাবে জীবন উৎসর্গ করেছেন। তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও অবদানের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই।
ড. মঈন খান আরও বলেন, তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপির এই অবস্থান তৈরি হয়েছে। আমরা চাই একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সে লক্ষ্যে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং বিজয়ী হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, বিএনপি নেতা আব্দুল কাইয়ুম জালালী পঙ্কী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নাজমুল ইসলাম, বিএনপির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নী।
দুপুর ১২টা ৩০ মিনিটে সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠ থেকে বিজয় এ র্যালি শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
জনতার আওয়াজ/আ আ