ফের অসুস্থ হয়েছেন কারাবন্দি বিএনপি নেতা রুহুল কবির রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:০০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ফের অসুস্থ হয়েছেন কারাবন্দি বিএনপি নেতা রুহুল কবির রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ২:৩১ পূর্বাহ্ণ

 

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে ফের অসুস্থ হয়েছেন কারাবন্দি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার দুপুরে পুরনো ঢাকার সিএমএম আদালত থেকে তাকে প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথেই অসুস্থ হন বলে জানান রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম।

রিজভীর স্ত্রী বলেন, আজ সকাল সোয়া ৯টার দিকে রিজভীকে প্রিজনভ্যানে করে কেরানীগঞ্জের কারাগার থেকে পুরান ঢাকার সিএমএম কোর্টে নিয়ে আসা হয়। এরপর দুপুর পৌনে ১২টার দিকে একইভাবে তাকে কারাগারের নিয়ে যাওয়া হয়। মূলত দুপুর ১২টায় তো প্রচণ্ড রোদ। এমনতিইে রিজভী একজন বয়স্ক ও অসুস্থ ব্যক্তি; তার ওপর প্রচণ্ড রোদের সময় প্রিজনভ্যানে করে তাকে কারাগার থেকে আদালতে আনা-নেওয়ার কারণে আরও বেশি অসুস্থ হয়ে যায়। শুনেছি পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন রিজভী। এমনতিইে তাকে আদালতে খুবই কাহিল দেখাচ্ছিল।

তিনি আরও বলেন, রিজভীর অসুস্থতার খবর শোনার পর কারাগারে চিকিৎসককে কয়েকবার ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। রিজভীর অসুস্থতার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভার কুমার ঘোষকে একাধিকবার ফোন করা হলেও রিসিভ করেননি।

এর আগে রিজভীর স্ত্রী আরজুমান আরা বেগম কারাগারে ও আদালতে রিজভীর সঙ্গে দেখা করতে বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ আছে।

রিজভীর স্ত্রী আরও জানান, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝেমধ্যে তার পেটে সমস্যা হতো। সেই থেকে প্রায় ৩০ বছর ধরে রিজভী হাতের স্পর্শে খাবার খান না। খোলা পানিও খান না।

চিকিৎসকের পরামর্শে বোতলজাত পানি পান করতে হয় ছাত্রদলের সাবেক সভাপতি রিজভীকে। তিনি পানির বোতল পাঠিয়েছেন কারাগারে। কিন্তু রিজভীকে খেতে দেওয়া হচ্ছে কি না তা জানেন না। অনতিবিলম্বে রুহুল কবির রিজভীকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত ও সুচিকিৎসার দাবি জানান তার স্ত্রী আরজুমান আরা।

রিজভীর অসুস্থতার বিষয়ে জানতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাহবুবুল ইসলাম ও হাসান মোহাম্মদ তৌহিদুল ইসলামকে একাধিবার ফোন দিলেও তারা ফোন ধরেননি।

উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে ঘিরে ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওইদিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

সেদিন রুহুল কবির রিজভীকেও আটক করে কারাগারে নেওয়া হয়। সম্প্রতি তাকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি কারাগারে যাওয়ার আগে দলের বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত কথা বলতেন। বিশেষ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ও হামলা-মামলা নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলন করতেন রিজভী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ