ফেসবুকে পোস্ট দেয়া নিয়ে দ্বন্দ্ব মহম্মদপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, আগস্ট ২৪, ২০২৩ ১২:১৪ পূর্বাহ্ণ

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
ফেসবুকে পোস্ট দেয়াকে কেন্দ্র করে মাগুরার মহম্মদপুরে আবু তৈয়ব মোল্যা (২৮) নামে এক ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এদিকে গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে এলাকায় কয়েকটি বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। গতকাল সকালে ঢাকার নিউল্যাব হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত রোববার রাতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় তৈয়ব। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানা পুলিশ ও তার পরিবারের লোকজন। নিহত আবু তৈয়ব মহম্মদপুর উপজেলার ৪ নম্বর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন। তিনি নাওভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
নিহতের ভাই তামিম জানান, গত রোববার সন্ধ্যার দিকে নাওভাঙ্গা গ্রামের ফুল মিয়া বিশ্বাসের ছেলে কৃষক দল নেতা জিবলু বিশ্বাস ফেসবুকে তৈয়বের গলায় নৌকা ঝুলানো একটি ছবি পোস্ট করেন। ওই নেতা ফেসবুক পোস্টে লেখেন ‘মহম্মদপুর উপজেলা বিএনপি’র নেতাদের কাছে প্রশ্ন- আওয়ামী লীগের কর্মী ছাত্রদলের রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি কীভাবে হয়।’ তৈয়ব পোস্টটি দেখতে পেয়ে জিবলু বিশ্বাসের গ্রাম্য মাতবর জাহাঙ্গীর বিশ্বাসের বাড়িতে গিয়ে বিষয়টি জানান।
পরে জিবলু বিশ্বাস পোস্ট ডিলিট করে দেবে বলে আশ্বাস দেন। মাতবরের কাছে অভিযোগ দিয়ে ফেরার পথে চরনাওভাঙা দক্ষিণপাড়া পৌঁছলে জিবলুর নেতৃত্বে ১০-১২ জন যুবক অতর্কিত হামলা চালায়।
এ সময় তৈয়বকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয় যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিউল্যাব হাসপাতালে প্রেরণ করেন।
গতকাল দুপুরে আইসিইউতে থাকা ছাত্রদল নেতা আবু তৈয়বের মৃত্যু হয়। মহম্মদপুর থানার ওসি বোরহান-উল ইসলাম মানবজমিনকে জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। হামলাকারীদের দু’জনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে এলাকায় অভিযান চলছে।
জনতার আওয়াজ/আ আ