ফ্যাসিস্টরা পালিয়ে গেলেও নারী-শিশুরা কেন নিরাপত্তাহীন?
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, মার্চ ১৭, ২০২৫ ৫:১১ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
‘ফ্যাসিস্ট সরকারের আমলে বাংলাদেশে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে’ মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন তুলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও নারী-শিশুরা কেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে?’
এ সময় তিনি জনআস্থা ফেরাতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান।
সোমবার (১৭ মার্চ) সকালে ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সেলিমা রহমান।
মাগুরার আট বছরের শিশু ধর্ষণের শিকারসহ দেশের সকল নারী ও শিশু ধর্ষকের সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে মহিলা দল।
বিক্ষোভ সমাবেশ শেষে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ মিছিলটি বিএনপির কেন্দ্রীয় কার্যালয় হতে নাইটিংগেল মোড় হয়ে কাকরাইল মোড় দিয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়।
মাগুরার আট বছরের শিশু ধর্ষণের পর মহোৎসবে পরিণত হয়েছে মন্তব্য করে সেলিমা রহমান বলেন, ‘আমরা এমন একটি সমাজে বসবাস করছি যে সমাজে নারীরা নিরাপদ নয়, যে দেশে কথায় কথায় ধর্ষণ হয় সে দেশে আমরা বাস করছি।’
তিনি বলেন বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে নারী ও শিশুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। ফ্যাসিস্ট সরকার পালিয়ে গেলেও নারী-শিশুরা কেন এখনো নিরাপত্তাহীনতায় ভুগছে?’
তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ধর্ষণ করতে তাদের কোনো বিচার হতো না। যারা গুম-খুন, হত্যা করছিল তারাই ধর্ষণের সাথে জড়িত ছিল। গত চার বছরে সাত হাজার শিশুসহ ৪৩ হাজার নারী ধর্ষিত হয়েছে। বদি ছিলেন মাদকসম্রাট, শেখ হাসিনাকে টিকে থাকার জন্য সহযোগিতা করেছিলেন, এজন্য তাকে বারবার মনোনয়ন দেয়া হতো।’
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রতিষ্ঠা করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে সেলিমা রহমান বলেন, ‘আপনি শান্তির প্রতীক হয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবেন।’
সমাবেশে অন্যান্যের মধ্যে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহানা আক্তার সানু, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের আহ্বায়ক রুমা আক্তার, ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব রুনা লায়লা, দক্ষিণের সাংগঠনিক সম্পাদক সালেহ আক্তার প্রমুখ বক্তৃতা করেন।
জনতার আওয়াজ/আ আ