ফ্রান্সে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ, আহত শতাধিক পুলিশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সে মহান মে দিবসে পেনশন বিল সংস্কারের বিরুদ্ধে বিক্ষোভ হয়। দিনব্যাপী বিক্ষোভে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দেশটির শতাধিক পুলিশ আহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ মে) মহান মে দিবসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারে ক্ষুব্ধ বিক্ষোভকারীদের সঙ্গে ফ্রান্সজুড়ে সংঘর্ষে কমপক্ষে ১০৮ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন। এছাড়া বিক্ষোভের সময় প্রায় ৩০০ জনকে গ্রেফতার করা হয়।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন বলেন, ফ্রান্সে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এতো বিশাল সংখ্যক পুলিশ আহত হওয়ার ঘটনা অত্যন্ত বিরল। এছাড়া সহিংসতার সময় ২৯১ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বিবিসি বলছে, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাম্প্রতিক পেনশন সংস্কারের বিরুদ্ধে মে দিবসের বিক্ষোভে ফ্রান্সজুড়ে লাখ লাখ মানুষ অংশ নেন। সোমবারের এই বিক্ষোভের বেশিরভাগই শান্তিপূর্ণ হলেও উগ্রপন্থি দলগুলো এদিন পুলিশের ওপর পেট্রোল বোমা ও আগুন নিক্ষেপ করে।
জবাবে কাঁদানে গ্যাস ও জলকামান দিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানায় পুলিশ। বিক্ষোভ ও সংঘর্ষে কতজন বিক্ষোভকারী আহত হয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়।
উল্লেখ্য, ফ্রান্সে সরকারি পেনশনের বয়স ৬২ বছর থেকে বাড়িয়ে ৬৪ বছরে উন্নীত করার বিষয়ে সাম্প্রতিক যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার বিরুদ্ধে এই বিক্ষোভ আয়োজন করা হয়।
জনতার আওয়াজ/আ আ