বংশের মধ্যে বিয়ে, লাঙ্গলে বেঁধে ঘোরানো হলো গ্রাম - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:৩৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

বংশের মধ্যে বিয়ে, লাঙ্গলে বেঁধে ঘোরানো হলো গ্রাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ৮:২০ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ফাইল ছবি

ভারতের এক আদিবাসী গোত্রে একই বংশে বিয়ে করা অপরাধ। সেই গোত্রের দুই তরুণ-তরুণী এই কাজ করায় তাদের জোয়াল বেঁধে লাঙ্গল টানাতে বাধ্য করা হয়েছে। গ্রামের পঞ্চায়েতের নির্দেশে জনসমক্ষে তাদেরকে এই অপমান ও শাস্তি দেওয়া হয়।

ভারতের ওড়িশা রাজ্যের কোরাপুট জেলায় চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। সোমবার (১৪ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, রবিবার ঘটে যাওয়া এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে এবং এটি ভারতজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছে। ঘটনার দিন এক আদিবাসী ছেলে ও মেয়ে নিজেদের পছন্দে পালিয়ে গিয়ে একসঙ্গে থাকতে শুরু করেন।

পরে জানা যায়, তারা দুজনই একই গোত্রের, যা ওই অঞ্চলের আদিবাসী রীতিতে “নিষিদ্ধ” হিসেবে বিবেচিত। এই অভিযোগে গ্রামে এক অনানুষ্ঠানিক পঞ্চায়েত বসে। পঞ্চায়েতের নির্দেশে, ওই দম্পতিকে জুতার মালা পরানো হয় এবং পুরো গ্রামে ঘোরানো হয়।

এরপর তাদের জোয়ালে বেঁধে গরুর মতো লাঙ্গল টানাতে বাধ্য করা হয়। ঘটনাটি চলাকালীন তাদের গায়ে হাত তোলার ঘটনাও ঘটে।

ভারতে অবশ্য এটিই এমন প্রথম ঘটনা নয়। সম্প্রতি পাশের রায়গাড়া জেলাতেও ঠিক এমনই ঘটনা ঘটেছে। সেখানে এক যুবক নিজের ফুফাতো বোনকে বিয়ে করায় দুজনকেই একইভাবে জোয়ালে বেঁধে লাঙ্গল টানানো হয় এবং লাঠিপেটা করা হয়।

এদিকে ঘটনাগুলোর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর, অনেকেই এই ধরনের বর্বর ও অবমাননাকর “শুদ্ধিকরণ প্রথা”র নিন্দা জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের সংবিধান অনুযায়ী কারও ব্যক্তিগত পছন্দের বিয়ে করা অপরাধ নয়।

এছাড়া গোত্রভিত্তিক নিষেধাজ্ঞা ও শাস্তি প্রথা একুশ শতকে অমানবিক ও আইনবিরুদ্ধ।

অন্যদিকে এই ঘটনাগুলো সামনে আসার পর স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও বড়সড় গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ