বকেয়া বেতনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫ ১:৩৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাক-শ্রমিকরা।
আজ বুধবার সকাল ১০টার দিকে খাঁ-পাড়া এলাকায় সিজন ড্রেস লিমিটেডের শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শ্রমিকরা জানায়, মার্চ মাসের আংশিক এবং এপ্রিল মাসের পূর্ণ বেতন এখনো পাননি তারা। এর আগে আন্দোলনের মুখে মার্চ মাসের বেতন বাবদ সর্বোচ্চ ছয় হাজার টাকা করে দেয়া হয়েছিল। কিন্তু বকেয়া বেতনের তুলনায় এ অর্থ অপ্রতুল বলে দাবি তাদের।
শ্রমিক রহিমা বেগম জানান, ‘এপ্রিল মাস শেষ হলেও গত মার্চ মাসের বেতন এখনো দেয়নি কারখানা কর্তৃপক্ষ। শ্রমিকদের আন্দোলনের মুখে মার্চ মাসের সম্পূর্ণ বেতন না দিয়ে সকলকে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে দেয়া হয়েছে। বাসা ভাড়া, দোকান বাকিসহ টানা দুই মাস যাবত তারা বাকিতে জীবনযাপন করছেন। এসব বকেয়ার তুলনায় পাঁচ থেকে ছয় হাজার টাকা তাদের জন্য কিছুই না। ফলে জঠরের জ্বালায় তারা রাস্তায় নেমে এসেছেন।’
গাজীপুর শিল্পপুলিশ (টঙ্গী জোনের) পরিদর্শক মো: ইসমাইল হোসেন বলেন, ‘শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা চলছে। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।’
জনতার আওয়াজ/আ আ